পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে বিদ্যমান পরিবেশনীতি ও পরিবেশ আদালতের কার্যকরতা বাড়াতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এ কথা বলেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘পরিবেশ অবক্ষয়: সমস্যা ও মোকাবিলা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের ২৫০ জন ভূগোল ও পরিবেশবিদ অংশ নেন। দিনব্যাপী চারটি সেশনে ৬০টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিরবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে পড়েছে। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের বনাঞ্চল উজাড় হচ্ছে। নদী, জলাশয়, পুকুর ভরাট করে আবাসগৃহ নির্মাণ করা হচ্ছে। এসব কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে। তিনি বিপর্যয় থেকে রক্ষার জন্য বিদ্যমান পরিবেশনীতি ও পরিবেশ আদালতের কার্যকরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। তিনি আশা প্রকাশ করেন, সেমিনারে পাঠ করা প্রবন্ধ জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় রোধে ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মির্জা মফিজউদ্দিন। মহাসচিব অধ্যাপক খন্দকার শরিফুল হুদা স্বাগত বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এ এইচ এম আবদুল বাকী। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতিয়া হাবিব কিদওয়াই বিশেষ অতিথি হিসেবে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।