
পাবনার পাঁচটি পৌরসভা নির্বাচনে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদে প্রার্থী বাছাই চলছে জোরালোভাবে। ক্ষমতাসীন দল হওয়ায় আওয়ামী লীগ অতিরিক্ত প্রার্থী নিয়ে বিপাকে আছে। তবে চুপচাপ প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চালাচ্ছে বিএনপি।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নয়টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে সাতটিতে নির্বাচন হবে। পৌরসভাগুলো হলো পাবনা সদর, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সুজানগর, সাঁথিয়া ও ঈশ্বরদী। সীমানাসংক্রান্ত মামলায় বেড়া ও মেয়াদপূর্তি না হওয়ায় আটঘরিয়া পৌরসভার নির্বাচন হচ্ছে না।
পাবনা সদর: এ পৌরসভার বর্তমান মেয়র জেলা বিএনপির বিদ্রোহী অংশের নেতা কামরুল হাসান এবার প্রচারণা শুরু করেননি। তবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে দোয়া কামনা করেছেন জেলা বিএনপির মূল অংশের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মাসুম ও পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব।
এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন পাঁচজন। এঁরা হলেন জেলা আওয়ামী লীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক আবু ইসহাক, প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান ও পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান। এঁদের মধ্যে আবু ইসহাক আওয়ামী লীগ থেকে গত দুটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বেশি প্রার্থী থাকায় সিদ্ধান্ত দিতে পারেননি দলের ঊর্ধ্বতন নেতারা।
সুজানগর: দুই সহোদর, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সম্ভাব্য সাতজন প্রার্থী নিয়ে আওয়ামী লীগের হ-য-ব-র-ল অবস্থা। আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব, বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহমুদুজ্জামন, সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আফছার আলী মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সরদার রাজু আহমেদ। এঁদের মধ্যে শাহীনুজ্জামান ও সরদার রাজু আহমেদ সহোদর এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে। দুজনই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল।
দলীয় মনোনয়ন না পাওয়ার আশঙ্কায় সরদার রাজু আহম্মেদ ইতিমধ্যেই নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। এলাকায় পোস্টারও সাঁটিয়েছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গত পৌরসভা ও উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে সমর্থন দিয়েছিলেন সাধারণ সম্পাদক আবদুল ওহাব। অভ্যন্তরীণ প্রতিশ্রুতি ছিল পরবর্তী পৌরসভা নির্বাচনে (এবার) আবদুল ওহাবকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।
আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আমি গত পৌরসভা ও উপজেলা নির্বাচনে সভাপতির হয়ে কাজ করেছি। ফলে এবার আমি দলীয় মনোনয়ন পেতে আশাবাদী।’
আবুল কাশেম বলেন, ‘আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিইনি। সুজানগরের মানুষ আমার এক ছেলেকে প্রার্থী হিসেবে চায়। আমি তার জন্যই কাজ করছি।’
অন্যদিকে বিএনপি বিপাকে পড়েছে স্থানীয় বিশ্বাস পরিবারের দুই সদস্যকে নিয়ে। যাঁরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। এঁদের একজন হলেন উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস, অপরজন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস। এ ছাড়া ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম ও পৌর বিএনপির বিদ্রোহী অংশের আহ্বায়ক আবদুল মোনায়েম মনোনয়ন প্রত্যাশা করছেন।
চাটমোহর: এ পৌরসভায় বর্তমানে মেয়রের দায়িত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম। তিনিসহ মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান এবং বিএনপির নেতা আবদুর রহিম।
ফরিদপুর: ফরিদপুর পৌরসভায় বর্তমানে মেয়রের দায়িত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খ ম কামরুজ্জামান। তিনিসহ আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম, যুবলীগের সভাপতি আলাল উদ্দিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল হাসান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চলাচ্ছেন স্থানীয় নাট্য সংগঠক জাহাঙ্গীর আলম।
ভাঙ্গুড়া: এ পৌরসভায় বর্তমান মেয়রের দায়িত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রধান। তিনি এবার তেমন প্রচারণা চালাননি। তবে জোরদার প্রচারণায় নেমেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান। বিএনপি থেকে এ উপজেলায় মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান।
পাঁচটি পৌরসভার প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, ‘বড় দল। একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন এটাই স্বাভাবিক। গত শনিবার সন্ধ্যায় আমরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের নিয়ে বৈঠক করেছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছি। এখন শুধু ঘোষণা দেওয়ার পালা।’