বিপাকে আ.লীগ নির্ভার বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সব কটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন। এতে বিপাকে আছে দলটি। অন্যদিকে কোনো ইউনিয়নে ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকায় নির্ভার বিএনপি।
আগামী ৭ মে চতুর্থ ধাপে চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, বদরখালী, কোনাখালী, ঢেমুশিয়া ও বিএমচর ইউপির নির্বাচন হবে।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘দলে প্রতিযোগিতা থাকবে। কেউ মনোনয়ন পেয়েছেন আর কেউ পাননি। এতে মন খারাপের কিছু নেই।’ তিনি বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তাঁদের নির্বাচন থেকে সরে যেতে হবে। অন্যথায় বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে এই ছয় ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন। এবারের নির্বাচনে বিদ্রোহীদের দমাতে না পারলে ফলাফলে চরম বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা। এখানে আওয়ামী লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন, আওয়ামী লীগের নেতা ওসমান গনি ও সলিম উল্লাহ ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে লড়ছেন। আর এই ইউনিয়নে বিএনপির একক প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী।
পূর্ব বড়ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খলিল উল্লাহ চৌধুরী। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নেতা নাছির উদ্দিন নোবেল। এই ইউনিয়নে বিএনপির একক প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ।
বদরখালীতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী তিনজন। তাঁরা হলেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক খাইরুল বশর ও মাতামুহুরী সাংগঠনিক থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু নঈম মোহাম্মদ হেফাজ। এই ইউনিয়নে বিএনপির একক প্রার্থী বিএনপির নেতা আহসানুল কাদের চৌধুরী।
বিএমচর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বদিউল আলম। এখানে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে আছেন মাতামুহুরী সাংগঠনিক থানা যুবদলের সভাপতি মো. আবু ইউসুফ।
কোনাখালীতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী আওয়ামী লীগের নেতা মোক্তার আহমদ। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরুল হাসান হান্নান।
ঢেমুশিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রোস্তম আলী। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন ও মো. কায়েস। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম।
মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখতে চেষ্টা করা হচ্ছে। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।