কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দল-সমর্থিত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের আরেক নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বিপাকে আছে দলটি। অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী। তাঁর সমর্থনে জামায়াত চেয়ারম্যান পদে প্রার্থী দেয়নি। এ কারণে স্বস্তিতে আছে বিএনপি।
৩১ মার্চ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
স্থানীয় ভোটাররা বলেন, শেষ মুহূর্তে সাংসদ আবদুর রহমান বদির নিকটাত্মীয় হুমায়ুন কবির চৌধুরীকে আওয়ামী লীগের একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও দলীয় কোন্দলের কারণে বিপাকে আছে দলটি। এ কারণে হুমায়ুন কবির চৌধুরীকে জিতিয়ে আনতে মরিয়া সাংসদ বদি। অন্যদিকে সরওয়ারের জন্য জোরেশোরে মাঠে নেমেছেন বিএনপি-জামায়াতের নেতারা।
চেয়ারম্যান পদে ওই দুই প্রার্থী ছাড়া মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনসুর চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাহমুদুল হক চৌধুরীর স্ত্রী আশরাফ জাহান কাজল এবং আবুল কাশেম।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেন, ২৩ মার্চ আওয়ামী লীগের তৃণমূল সভায় হুমায়ুন কবির চৌধুরীকে চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু তার পরও দলের অন্য নেতারা মাঠে রয়ে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সাংসদ বদির নিকটাত্মীয়, তাই হুমায়ুন কবির চৌধুরীকে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। যদিও তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো কমিটিতে নেই।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী বলেন, এলাকায় তাঁর গণজোয়ার দেখে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা ১৭টি ভোটকেন্দ্র দখলের চক্রান্ত করছে। আওয়ামী লীগের সমর্থক ভোটারদের কেন্দ্রে না যেতে ভয় দেখাচ্ছে। বিশেষ করে উপকূলীয় মাদারবুনিয়া, মনখালী ও পাটুয়ারটেক গ্রামের চাকমা ভোটাররা সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, বিএনপির দুর্গ খ্যাত এই উপজেলায় আওয়ামী লীগের ভরাডুবি হচ্ছে দেখে সাংসদ বদি ক্ষমতার প্রভাব ও রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে ১১টি কেন্দ্র দখল করার প্রস্তুতি নিয়েছে। বিএনপির সমর্থকদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কার মধ্যে আছেন।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেষ্টা করেও সাংসদ বদির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ডেইলপাড়া গ্রামের ভোটার সৈয়দ হোছন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। কোনো পক্ষ কেন্দ্র দখল করার চেষ্টা করলে অপর পক্ষ ঝাঁপিয়ে পড়বে। এ নিয়ে ভোটাররা উদ্বিগ্ন।
উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ৩৭টি। ভোটারের সংখ্য এক লাখ ছয় হাজার ৪০০ জন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ২০টি ভোটকেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাই প্রতিরোধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন প্রস্তুত।