সাভারে ভেঙে পড়া রানা প্লাজার পোশাক কারখানাগুলোতে কানাডার খ্যাতনামা ব্র্যান্ড ‘জো ফ্রেশ’-এর জন্য পোশাক তৈরি হচ্ছিল। ধ্বংসস্তূপের মধ্য থেকে তাদের লেবেল উদ্ধারের পর তা টুইটারের মাধ্যমে অনলাইন-জগতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারই সূত্র ধরে তৈরি পোশাকের আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর দায়িত্ববোধ নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। জো ফ্রেশ স্বীকার করেছে, দুর্ঘটনাকবলিত কারখানায় তাদের ব্র্যান্ডের কাপড় তৈরি হচ্ছিল। ওয়াল-মার্ট সরাসরি স্বীকার বা অস্বীকার না করে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। ওই ভবনের কারখানাগুলোকে জো ফ্রেশ, চিলড্রেন প্লাস, ড্রেস বার্ন এবং প্রাইমার্কের মতো আন্তর্জাতিক বাজারের সুপরিচিত ব্র্যান্ডের কাপড় তৈরি হতো। কয়েক বছর ধরে ইউরোপ ও আমেরিকার খ্যাতনামা ব্র্যান্ডগুলো তৈরি পোশাক সংগ্রহের জন্য চীনের পাশাপাশি বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠে। তবে গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের পোশাক কারখানাগুলোর পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। আমস্টারডামভিত্তিক ‘ক্লিন ক্লথ ক্যাম্পেইন’-এর মুখপাত্র টেসেল পউলি বলেছেন, যেসব ব্র্যান্ড কাজ করাচ্ছিল তাদের উচিত, দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। ওয়াশিংটনভিত্তিক শ্রমিক অধিকার সংগঠন ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা এক বিবৃতিতে বলেছেন, সারা বিশ্বের শ্রমিক সংগঠনগুলো বাংলাদেশের কারখানাগুলোর বিদ্যমান নিরাপত্তাহীনতার বিষয়টি দূর করার জন্য খুচরা সরবরাহকারকদের আহ্বান জানিয়ে আসছে। কিন্তু তারা বরাবরই মিথ্যা আশ্বাস আর প্রচারণা দিয়ে পরিস্থিতিকে আড়াল করার চেষ্টা করেছেন। আর এরই মধ্যে লাশের স্তূপটা অতীতের যেকোনো উচ্চতাকে ছাড়িয়ে যেতে শুরু করেছে।জো ফ্রেশের মুখপাত্র জুলিয়া হানটার বলেছেন, তাদের খুবই অল্পসংখ্যক কাপড় ওখানে তৈরি হচ্ছিল। তিনি বলেন, দুর্ঘটনায় জো ফ্রেশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং তারা কীভাবে এ পরিস্থিতিতে সহায়তা করতে পারে, তা খতিয়ে দেখতে কোম্পানিটির সঙ্গে কথা বলবে।শিশুপোশাকের জনপ্রিয় ব্র্যান্ড চিলড্রেন্স প্লেসের জন্যও ওই ভবনে কাপড় তৈরি হচ্ছিল বলে জানা গেছে। তবে কোম্পানির মুখপাত্র জেন সিঙ্গার বলেছেন, দুর্ঘটনার সময় কোনো ফ্যাক্টরিতেই তাদের কাপড় তৈরি হচ্ছিল না। আরেক প্রতিষ্ঠান ড্রেস বার্ন বলেছে, তাদের জানামতে, ২০১০ সালের পর ওই ভবনের কোনো কারখানা থেকে তারা কোনো ধরনের পণ্য সংগ্রহ করেনি। প্রতিষ্ঠানগুলোর অনেকেই রানা প্লাজার তৈরি পোশাক কারখানাগুলোর সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা অস্বীকার করলেও শ্রমিক অধিকার সংগঠনগুলো বলছে, অধিকাংশ ক্ষেত্রেই তৃতীয় পক্ষ তাদের হয়ে কাজ করায় বলে তারা সঠিক চিত্রটা সম্পর্কে অবহিত হতে পারে না। ‘ক্যাটো’ ব্র্যান্ডের পোশাক ওই ভবনের একটি কারখানায় তৈরি হচ্ছে—বার্তা সংস্থা এপির এমন প্রশ্নের জবাবে ক্যাটোর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন হউ বলেছেন, কোনো কারখানার সঙ্গে সরাসরি তাঁরা যোগাযোগ করেননি। কিন্তু যোগাযোগটা কোন পর্যায়ে তা তাঁরা খতিয়ে দেখছেন। স্প্যানিশ সরবরাহকারী ‘ম্যাঙ্গো’ও একই ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেছে।