বিপাকে জমিগ্রহীতা ও নকলনবিশরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সাব-রেজিস্ট্রারের কার্যালয়গুলোতে বালাম বই সংকটের কারণে বিপাকে পড়েছেন জমির দলিল গ্রহীতা ও নকলনবিশরা।
অভিযোগ উঠেছে, ক্রেতারা জমি কেনার পর দীর্ঘ দিনেও তাঁদের মূল দলিল ফেরত পাচ্ছেন না। এ কারণে তাঁরা বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছেন৷ আর বালাম বই লেখা বন্ধ থাকায় নকলনবিশরা কর্মহীন হয়ে পড়েছেন। এতে পরিবার চালাতে গিয়ে তাঁরা সমস্যায় পড়েছেন৷
নীলফামারীর সাব-রেজিস্ট্রার আনন্দ বর্মণ বলেন, ‘বালাম বই সংকটের কারণে দলিলের স্তূপ জমা হচ্ছে৷ মূল দলিলের জন্য অনেকে ধরনা দিচ্ছেন। কিন্তু আমরা দলিল ফেরত দিতে পারছি না।’ তিনি বলেন, সারা দেশেই বালাম বই সংকট চলছে। জেলা রেজিস্ট্রার খলিলুর রহমান বলেন, ২০১২ সালের জুন মাস থেকে বালাম বই সরবরাহ বন্ধ আছে। জেলার সাতটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বালাম বই নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ খুব তাড়াতাড়ি বই পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার অভিযোগ করেন, ‘২০১১ সালের ৪ সেপ্টেম্বর নীলফামারী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে আমার একটি দলিল সম্পাদন হয়। কিন্তু আজ পর্যন্ত মূল দলিল হাতে পাচ্ছি না। এ কারণে ওই জমির অনুকূলে ব্যাংকঋণও নিতে পারছি না। আমার মতো অনেক ব্যবসায়ী এ সমস্যায় পড়েছেন। কারণ, ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ মূল দলিল ছাড়া ঋণ দেয় না।’
জেলা নকলনবিশ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, ২০১১ সালের জুন মাস পর্যন্ত নীলফামারী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১১ হাজার দলিল সম্পাদন হয়। এর মধ্যে দুই হাজার ৭০০ দলিল বালাম বইভুক্ত করা হয়৷ বই না থাকায় বাকি দলিলগুলো এমনিতেই স্তূপ করে রাখা হয়েছে৷ এগুলোসহ এখন নীলফামারী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বালাম বইভুক্ত হওয়ার অপেক্ষায় আছে ৩৫ হাজার দলিল। কামরুল ইসলাম আরও বলেন, ‘জেলার সাতটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নকলনবিশ আছেন প্রায় ৩০০ জন। বালাম বই লিখে যে পারিশ্রমিক পান, তা দিয়ে তাঁদের সংসার চলে। কিন্তু কাজ না থাকায় তাঁরা এখন বেকার৷’