বিপাকে পরীক্ষার্থী ও অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা বারবার পেছানোর কারণে বিপাকে পড়েছে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। ক্রমাগত পেছানোর কারণে কোনো বিষয়ই ঠিকমতো পড়তে পারছে না বলে অভিযোগ করে তারা। এমন চলতে থাকলে ভালো ফল করা নিয়ে আশঙ্কায় পড়বে সবাই।
২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে জহুরা বলে, ‘পরীক্ষার জন্য দিন-রাত খেটে এত প্রস্তুতি! অবরোধ-হরতালে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। এখন আর পড়ার টেবিলে বসতে ইচ্ছে করছে না। আমাদের কথা কেউ ভাবতেই চায় না।’
উপজেলা সদরের মাস্টারপাড়ার বাসিন্দা জহুরার মা সুলতানা রাজিয়া বলেন, ‘জেএসসি পরীক্ষায় মেয়েটা জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে ভালো ফল করে ভালো কলেজে পড়াব। কিন্তু পরীক্ষা শুরু না হতেই হরতালে পরীক্ষা পেছানো হচ্ছে। মেয়েটা একেক সময়ে একেক বই নিয়ে বসছে। এভাবে ভালো ফল হবে না। আমরা খুবই চিন্তিত।’
উপজেলার মথুরাপুর গ্রামের অভিভাবক গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, তাঁর মেয়ে শ্রেণিতে বরাবরই প্রথম ছিল। এখন সে-ই ভালো ফল করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল ও কলেজের আরেক পরীক্ষার্থী মিজানুর রহমান মুঠোফোনে জানায়, পরীক্ষার রুটিন মোতাবেক পড়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সে। হরতালের কারণে পরীক্ষা পেছানো হচ্ছে বারবার, এখন সব কিছু ভেস্তে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, কয়েক দিন ধরে শুধু শিক্ষার্থী আর অভিভাবকেরা মুঠোফোনে ফোন দিয়ে জানতে চাচ্ছে কোন বিষয় পরীক্ষা কবে হবে। দুপচাঁচিয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবুল বাশারও একই কথা জানান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ মুঠোফোনে বলেন, ‘মানুষকে জিম্মি করে কোনো দাবিই আদায় করা যায় না। এসব শিশু একদিন রাজনৈতিক নেতাদের ঘৃণাভরে দেখবে।’ পরীক্ষার সময় এভাবে হরতাল ডেকে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করা মোটেই ঠিক হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।