বিপাকে বিএনপি, সুবিধায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীর গলার কাঁটা হয়ে বিঁধে আছেন বর্তমান মেয়র। যিনি বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁদের রেষারেষিতে সুবিধা পাবেন আওয়ামী লীগের প্রার্থী।
কাজীপুর পৌরসভায় এবার মেয়র পদে লড়বেন তিনজন প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রায়হান, বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম এবং আওয়ামী লীগের নিজাম উদ্দীন। বর্তমান মেয়র কাজীপুর পৌর বিএনপির সদস্য ছিলেন। তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদিকে এই পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নিজাম উদ্দীন।
প্রার্থীদের হলফনামা ঘেঁটে জানা গেছে, বিএনপি প্রার্থী মাসুদ রায়হান পেশায় ওষুধ ব্যবসায়ী। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতক পাস। নিজের নামে জায়গাজমি-বাড়ি না থাকলেও ১২ ভরি সোনা, আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জাম আছে। হাতে নগদ এক লাখ টাকা। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা।
আওয়ামী লীগের প্রার্থী মো. নিজাম উদ্দীন পেশায় একজন সরবরাহকারী ও ঠিকাদার। তিনি উচ্চমাধ্যমিক পাস। হলফনামায় একটি দোতলা বাড়ি, দুই বিঘা কৃষিজমি ও স্ত্রীর নামে ১৭ শতক জমির কথা উল্লেখ আছে। বাড়ি, দোকানভাড়া ও ব্যবসা সব মিলিয়ে বার্ষিক আয় প্রায় ২৬ লাখ টাকা। নগদ ৫০ হাজার টাকা ও ব্যাংকে আছে দুই লাখ টাকা। আরও আছে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, আসবাব ও ইলেকট্রনিক দ্রব্য।
স্নাতকোত্তর পাস আবদুস সালাম ব্যবসার পাশাপাশি চাকরিও করেন। তাঁর বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা থাকলেও সবগুলো থেকে খালাস পেয়েছেন। নিজ নামে একটি টিনশেড বাড়ি, আধা পাকা দোকানঘর ও তিন বিঘা কৃষিজমি আছে। নগদ হিসেবে নিজের এক লাখ ও স্ত্রীর দেড় লাখ ও ব্যাংকে দুই লাখ টাকা দেখানো হয়েছে। এ ছাড়াও তাঁর স্ত্রীর নামে ১২ ভরি সোনা আছে। তাঁর বার্ষিক আয় ব্যবসা থেকে তিন লাখ, কৃষিজমি থেকে ২০ হাজার, দোকানভাড়া থেকে ৩০ হাজার আর বেতন ১ লাখ ৮০ হাজার। এ ছাড়া প্রার্থীর ওপর নির্ভরশীলের নামে দুই লাখ টাকা দেখানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বিএনপির নেতা-কর্মীরা বলেন, বর্তমান মেয়র আবদুস সালাম পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি সংকটে পড়ে। নিরুপায় হয়ে বিএনপি দলের কর্মী মাসুদ রায়হানকে প্রার্থী মনোনীত করে। এদিক থেকে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থায় রয়েছে।
মাসুদ রায়হান বলেন, দল মনোনীত করায় প্রার্থী হয়েছেন। নতুন প্রার্থী হিসেবে এলাকার শতভাগ দলীয় ভোটসহ সাধারণ মানুষের ভোট পাবেন বলে আশাবাদী তিনি। অপরদিকে আবদুস সালাম বলেন, ‘পদত্যাগ করে নির্বাচন করছি। যে কারণে বিএনপি ও সাধারণ জনগণের ভোট এবার আমি পাব।’
আওয়ামী লীগের এক নেতা বলেন, এমনিতেই এই এলাকাটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। বিগত নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী স্বল্প ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন। বর্তমানে বিএনপির প্রার্থী থাকলেও তাঁর পরিচিতি নেই।
নিজাম উদ্দীন বলেন, এবারের নির্বাচনে সাধারণ জনগণসহ বিরোধী দলের ভোটাররাও তাঁর সঙ্গে রয়েছেন। সব নেতা-কর্মী দলীয়ভাবে প্রচারে নেমেছেন।