বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০১২ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পাঠিয়েছে শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে। গত ২৯ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমে বিভিন্ন কলেজে ওই পাঠ্যসূচি পাঠানো হয়েছে।এ অবস্থায় উচ্চমাধ্যমিক পর্যায়ের কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠ্যসূচিতে পরিবর্তন হয়েছে। নতুন পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হলে শিক্ষকদের ৯৫টি ক্লাস নিতে হবে। তার ওপর বাজারে এখনো নতুন পাঠ্যসূচির বই আসেনি। এ অবস্থায় বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রোববার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের কম্পিউটার শিক্ষা বিষয়ের শিক্ষকেরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা অবিলম্বে নতুন পাঠ্যসূচি প্রত্যাহার করে পুরোনো পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার দাবি জানান।এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই আমরা পাঠ্যসূচি প্রণয়ন করেছি। পরবর্তী সময়ে কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠ্যসূচি নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে আপত্তি ওঠায় আমরা বিষয়টি পুনর্বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। সেখান থেকে এখনো জবাব আসেনি। তবে আমি ৯০ ভাগ আশাবাদী, মন্ত্রণালয় ওই পাঠ্যসূচি পরিবর্তন করবে। এটি পরিবর্তন করা না হলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হবে। এবারের কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠ্যসূচি অনেক যাচাই-বাছাই করে করা হয়েছিল। কিন্তু সময় না থাকায় সেটি নিয়ে আপত্তি উঠেছে।’ পাঠ্যসূচি বিলম্বে পাঠানো হলো কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাঠ্যসূচি প্রক্রিয়া সম্পন্ন ও সম্পাদনা করতে সময় লেগেছে। তাই বিলম্ব হয়েছে।’কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কুমিল্লার বিভিন্ন কলেজের কম্পিউটারবিষয়ক শিক্ষকেরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে জানিয়েছেন, আগামী নভেম্বর মাসেই দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা হবে। এরই মধ্যে দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি রয়েছে। এ অবস্থায় কম্পিউটার শিক্ষা প্রথম ও দ্বিতীয়পত্রের কমপক্ষে ৯৫টি ক্লাস নিতে হবে, যা কোনোভাবেই সম্ভব নয়। তার ওপর শিক্ষার্থীদের ব্যবহারিক খাতাও প্রস্তুত হয়ে গেছে। এ অবস্থায় নতুন পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব নয়।সোনার বাংলা কলেজের কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান ও কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের কম্পিউটার শিক্ষক মো. সোহেল কবির প্রথম আলোকে জানান, ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আগামী বছরের ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা দেবে। একই সঙ্গে নভেম্বর মাসে নির্বাচনী পরীক্ষায় অংশ নেবে। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার দেড় বছর পর পাঠ্যসূচি পাঠিয়েছে এনসিটিবি। নতুন পাঠ্যসূচি অনুযায়ী কোনোভাবেই কোর্স সম্পন্ন করা যাবে না। তাই পুরোনো পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হোক।কুমিল্লার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম জানান, নতুন পাঠ্যসূচি অনুযায়ী কম্পিউটার শিক্ষা প্রথমপত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অফিস অটোমেশন, স্প্রেডশিট/ওয়ার্কশিট অ্যানালিসিস প্রোগ্রাম ও কম্পিউটার রক্ষণাবেক্ষণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অধ্যায়ের ক্লাস শেষ করতে হলে ৪৫ দিন লাগবে। অন্যদিকে কম্পিউটার শিক্ষা দ্বিতীয়পত্রে মোবাইল এবং ওয়্যারলেস কমিউনিকেশন, ইনফরমেশন সিস্টেম এবং টেকনোলজি, প্রোগ্রামিং ডিজাইন এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিচিত অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অধ্যায়ের ক্লাস নিতেও ৫০ দিন লাগবে, যা কোনোভাবেই সম্ভব নয়।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘কম্পিউটার শিক্ষকেরা আমার সঙ্গে দেখা করেছেন। আমি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবিকে জানাব।’প্রসঙ্গত, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ২৯৬টি কলেজের মধ্যে প্রায় ২৯০টি কলেজে কম্পিউটার শিক্ষা বিষয় চালু আছে।