বিপাকে ৫০ ট্যানারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশবিভাগের পরপর হাজারীবাগে চামড়াশিল্পের কার্যক্রম শুরু হলে সেখানে “নোয়াখালী ট্যানারি” নামে একটি প্রতিষ্ঠান করেন আমার বড় ভাই। ১৯৫৮ সাল থেকে আমি সেটা চালাচ্ছি। অথচ সাভারে আমাদের কোনো প্লট বরাদ্দ দেওয়া হয়নি। শিল্প মন্ত্রণালয়, ট্যানারি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবার কাছে আবেদন করেছি। কোনো লাভ হয়নি। এর মধ্যেই আজ গ্যাস-বিদ্যুতের লাইন কেটে দিল। আমরা তো প্লটই পাইনি। যাব কোথায়?’

হাজারীবাগের নোয়াখালী ট্যানারির মালিক মকবুল আহমেদ তাঁর বন্ধ কারখানা দেখিয়ে ক্ষোভ আর হতাশা নিয়ে গতকাল শনিবার প্রথম আলোকে কথাগুলো বলছিলেন। একই রকম ক্ষোভের কথা জানালেন লুনা ট্যানারির মালিক মনিরউদ্দিন আহম্মেদ, আরব ট্যানারির মালিক ইলিয়াছুর রহমান, এক্সিম লেদারের মালিক ইসমাইল হোসেন ও মোহাম্মদীয়া ট্যানারির মালিক মোস্তাফিজুর রহমান।

অবশ্য কেবল এই পাঁচজনই নন, ছোট–বড় মিলিয়ে হাজারীবাগের অন্তত ৫০টি ট্যানারি সাভারে প্লট পায়নি। সরকার বাকি ব্যবসায়ীদের সাভারে প্লট দিয়ে সেখানে চলে যেতে বললেও এই ব্যবসায়ীরা কোথাও যেতে পারছেন না। ফলে তাঁরা তাঁদের ব্যবসা–বাণিজ্য, কর্মচারীদের বেতনসহ সবকিছু নিয়ে বিপাকে আছেন।

আরব ট্যানারির মালিক ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিএনপি সরকারের আমলে সাভারে ট্যানারির জন্য প্লট দেওয়া হয়েছিল। কোনো ধরনের মানদণ্ড ঠিক না করে যত ধরনের অনিয়ম করা সম্ভব সবই এখানে করা হয়েছে। কারও ব্যবসা নেই কিন্তু বিশাল জায়গা পেয়েছেন। অনেকে আবার সেই জায়গা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। কখনো বিদেশে চামড়াজাত পণ্য রপ্তানি করেননি এমন লোকও প্লট পেয়েছেন। অথচ আমরা কোটি কোটি টাকার রপ্তানি করেও প্লট পাইনি। প্লট বরাদ্দের আবেদন করে দুজন মন্ত্রীর সুপারিশ নিয়ে ঘুরছি। কিন্তু প্লট পাইনি। ছয় শ কর্মচারী নিয়ে এখন বিপাকে পড়েছি।’

আরেক প্রতিষ্ঠান এক্সিম লেদারে গিয়ে দেখা যায়, কর্মচারীরা বসে আছেন। প্রতিষ্ঠানের হিসাব বিভাগের প্রধান মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বারবার আবেদন করেও প্লট পাইনি। এখন আমরা কোথায় যাব? কী করব? আমাদের কোনো প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না।’

লুনা ট্যানারিতে গেলে সেখানকার পরিচালক আবুল কাসেম বলেন, ‘৪০ বছর ধরে সুনামের সঙ্গে আমরা ব্যবসা করছি অথচ প্লট দেওয়া হলো না। এই যে গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এখন যে আমাদের কোটি কোটি টাকার সম্পদ, সেটা রক্ষা করবে কে?’

মোহাম্মদীয়া লেদার কমপ্লেক্সের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্লট না পেয়ে এক যুগ ধরে এর–ওর কাছে যাচ্ছি। তালিকা হয়। আশ্বাসও মেলে। কিন্তু বাস্তবে কোনো প্রাপ্তি মেলে না।’

ট্যানারি অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, হাজারীবাগে ট্যানারি রয়েছে কিন্তু সাভারের চামড়াশিল্প নগরীতে ট্যানারি পায়নি—এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারকে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাভারের চামড়াশিল্প নগরীতে আরও ২০০ একর জায়গা অধিগ্রহণ করা হবে। সেখানে এদের প্লট দেওয়া হবে।

জানতে চাইলে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘যে ৫০ জন সাভারে প্লট পাননি, অথচ এখানেও তাঁদের গ্যাস, বিদ্যুৎ কেটে দেওয়া হলো, তাঁরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আমাদের সঙ্গে কথা বলতে এসে তাঁরা অনেকেই কেঁদেছেন। সরকার বলেছিল এঁদের দ্বিতীয় দফায় প্লট দেবে। কিন্তু সেটা কবে কেউ জানে না। এখন যদি তাঁরা আইনি লড়াইয়ে যেতে চান, আমরা তাঁদের সেই সহযোগিতা দেব।’

সাভারে যারা প্লট পায়নি: আইডিয়াল, আল হেরা, লুনা, আরব, মিলন, আর এম, দিয়া, প্রগতি, রহমান, সুমন, এক্সিম, কোমভেইজ, মোহাম্মদীয়া, হেনা, ভূঁইয়া, হ্যামকো, স্যার, নোয়াখালী, এমআই, কবির, আবুল হোসেন, মাজহারুল, আবুল হোসেন, লামিছা, দ্য নোয়াখালী, জাকারিয়া, মানিক অ্যান্ড সোহাগ, কাদের, গোকুল, বাসার, কাইয়ুম, এমআরপি, নজরুল, শাওন, শাহজাদা, মধু হাজী, এমস এ এস প্লানেট, সিলভা, সেন্ট গ্রুপ, হোমউট, গ্লোব ট্যানিং, নোমান, কাশেম, আবুল হোসেন, কায়সার, ফেন্সী, এসকর্ট, অ্যারন, মুজাহিদ, সুপারেক্স ও সালমা ট্যানারি।