কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর ওপর ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঘগুজারা রাবার ড্যামটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি।
গত শনিবার রাতে ড্যামটি দ্বিতীয় দফায় ছিঁড়ে গেলে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৬০ হাজার চাষি বিপাকে পড়েন। পাহাড় থেকে নেমে আসা পানি ড্যামের মাধ্যমে আটকে নদীর দুই তীরের ৪৭ হাজার একর জমিতে বোরো ধানের পাশাপাশি বেগুন, টমেটো, মরিচ, আখ, বাদাম, কপিসহ বিভিন্ন চাষ হচ্ছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ছিঁড়ে যাওয়া রাবারটি জোড়া লাগেনি। সমুদ্রের জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। পাউবোর নিয়োগ করা কয়েকজন কর্মী (কারিগর) ড্যামের ওপর উঠে রাবারের জোড়া লাগানোর চেষ্টা করছেন।
প্রধান কারিগর দেলোয়ার হোসেন জানান, যখন ড্যামটি নির্মাণ করা হয়েছিল, তখন রাবার লাগানোর কাজ করেছিলেন তিনি। গত বছরের নভেম্বর মাসে প্রথম রাবারের সংযোগ ছিঁড়ে যাওয়ার পর তা জোড়া লাগানোর কাজ করেন। দ্বিতীয় দফার ছেঁড়া অংশও তিনি জোড়া লাগাচ্ছেন। রাবারগুলো ঝুলন্ত (ভাসমান) হওয়ায় পানির চাপে ছিঁড়ে যাচ্ছে। এ কারণে জোড়া লাগাতে দেরি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম খান সরেজমিনে ড্যাম এলাকা ঘুরে এসে জানান, রাবারের ছেঁড়া অংশের জোড়া লাগাতে দেরি হওয়ায় হাজার হাজার চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাউবো সূত্র জানায়, ২০০৫-০৬ অর্থবছরে ৩১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্টে ২৩৩ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যামটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০১২-১৩ অর্থবছরে। ২০১৩ সালের ১১ মে ড্যামটির উদ্বোধন করা হয়। এর ফলে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৪৫ হাজার একরের বেশি জমি সেচসুবিধার আওতায় আসে।
স্থানীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, পাউবোর কর্মকর্তাদের দুর্নীতির কারণে বারবার ড্যামের রাবার ছিঁড়ে যাচ্ছে। এখন মিঠা পানির সঙ্গে লবণাক্ত পানি মিশে গেছে। এতে ৬০ হাজারের মতো প্রান্তিক চাষি দিশেহারা হয়ে পড়েছেন।
চকরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল মান্নান জানান, গত বোরো মৌসুমে নদীর দুই তীরে ৪৬ হাজার ২৫০ একর জমিতে বোরোসহ অন্যান্য সবজির চাষ হয়। চলতি মৌসুমে ৪৬ হাজার ৯৭৫ একর জমিতে চাষ চলছে। কিন্তু রাবার ছিঁড়ে লোনা পানি ঢুকে পড়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলার ৪০টির বেশির গ্রামের কয়েক হাজার চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাউবো কক্সবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী জানান, রাবারের ছেঁড়া অংশটি জোড়া লাগানোর কাজ চলছে।