বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তি

পঞ্চগড়ের বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল । এ মিলনমেলায় ১৯৪৮ থেকে ২০১৪ সালের সব ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। রংবেরঙের ব্যানার আর বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে রং মেখে আনন্দ-উল্লাসের মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থী এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে মিলনমেলার উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রথম ব্যাচের (১৯৪৮) শিক্ষার্থী আফিজ উদ্দীন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় মিলনমেলা উদ্যাপন কমিটির সভাপতি সমে আলী আহমেদ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবধন বর্মণ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, অধ্যাপক আনোয়ার হোসেন সরকার, অধ্যাপক আলতাফ হোসেন, পঞ্চগড় শিল্প বণিক সমিতির সভাপতি ইকবাল কায়সার, মুক্তিযোদ্ধা আবদুল মজিদসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য দেন।