বিপিএল কর্তৃপক্ষকে অপসংস্কৃতি প্রদর্শনের জন্য ক্ষমা চাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী অনুষ্ঠানে অপসংস্কৃতি প্রদর্শনের জন্য ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমা না চাইলে জোট কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও বলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে জোটের সহসভাপতি ও সমাবেশের সভাপতি গোলাম কুদ্দুছ এসব কথা বলেন। সমাবেশে বিপিএলে অপসংস্কৃতি প্রদর্শনের তীব্র নিন্দা জানান দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা। তাঁরা বলেন, ভাষার মাসে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা যে অপসংস্কৃতির প্রদর্শন করেছেন, তা জাতির জন্য লজ্জাকর। জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, দেশের মূল্যবোধ আজ ভূলুণ্ঠিত। একটি চ্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে অপসংস্কৃতির প্রদর্শন করল। গণমাধ্যম যদি দেশপ্রেমের বিরুদ্ধে যায়, তাহলে পরিণতি এমনই হয়। কাজেই যাকে-তাকে টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া ঠিক নয়। উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম বলেন, বাঙালি সংস্কৃতি সুন্দর ও শালীন। বিপিএল তাতে আঘাত হেনেছে। যাঁরা এই আঘাত করেছেন, তাঁদের গ্রেপ্তার করে বিচার করতে হবে। আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে যা হয়েছে, তাতে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। কেবল প্রতিবাদই নয়, এ ধরনের অপসংস্কৃতি আমাদের প্রতিরোধ করতে হবে।’ বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি নাট্যকার মান্নান হীরা বলেন, যে অপসংস্কৃতি প্রদর্শন করা হয়েছে, সেটি ফড়িয়া ও ফাটবাজদের সংস্কৃতি। মুনাফার জন্য এটি করা হয়েছে। যাঁরা করেছেন, তাঁরা কোনো সরকার মানেন না, গণতন্ত্র মানেন না, তাঁদের কোনো মানবতাও নেই। তিনি বলেন, এই দেশে যুদ্ধাপরাধের বিচার যেমন জরুরি, তেমনি সংস্কৃতি হত্যাকারীদেরও বিচার করতে হবে। বাংলাদেশ গণশিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, রাজনৈতিক ও রুটির সংগ্রামের চেয়ে রুচির সংগ্রাম কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। তাই এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।জয় বাংলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে এ দেশের সংস্কৃতিকর্মীরা সব সময়ই প্রতিবাদ করে এসেছেন। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।