বিপিও সম্মেলনের শেষ দিনে উপচে পড়া ভিড়
‘দ্য ফিউচার অব টেকনোলজিস অ্যান্ড বিজনেস ফর ইয়ুথ’ শীর্ষক সেমিনারে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রযুক্তি উৎসব বিপিও সম্মেলন। বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হয় দুদিনের এ সম্মেলনে।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপিও খাতের অবস্থান তুলে ধরতে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপিও খাতের সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল শেষ দিনে ‘মেইনস্ট্রিমিং ভোকেশনাল এডুকেশন: এ প্যাথওয়ে টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর ইয়ুথ’, ‘ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড এডুকেশনাল রেডিনেস ফর বিপিও ইন বাংলাদেশ’ ও ‘আউটসোর্সিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস: উইন-উইন সিচুয়েশন ফর বিপিও অ্যান্ড ফিন্যান্সিয়াল সেক্টর’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বৃহস্পতিবার এ সম্মেলনের উদ্বোধন করেন।
দুদিনের এ সম্মেলনের সেমিনার ও কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে প্রায় ২৫ হাজার দর্শনার্থী অংশগ্রহণ করেছেন। দেশি-বিদেশি মিলিয়ে ৭৭ জন আলোচক বক্তব্য দেন। বক্তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ওপর জোর দিয়ে কাজ করে যেতে বলেন। তাঁরা বলেন, আইসিটি এমন একটি খাত, যার দিগন্ত অপরিসীম। রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের বিপিও খাত সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
গত বছর প্রথমবারের মতো বিপিও সম্মেলনের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরের সম্মেলন অনুষ্ঠিত হলো। সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও) এ সম্মেলনের আয়োজন করে। বিএসিসিওর সভাপতি আহমাদুল হক বলেন, এ সম্মেলন অংশগ্রহণকারীদের, বিশেষ করে যুবকদের মধ্যে বিপিও সেক্টর বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে, যা আইটি সেক্টরের পাশাপাশি এ সেক্টরের উন্নয়নে সহায়ক হবে।
সম্মেলন উপলক্ষে বিপিও খাতে চাকরির জন্য ২১ হাজারের বেশি জীবনবৃত্তান্ত জমা পড়েছে। সেমিনার, কর্মশালা এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতাবিনিময় হয়েছে দেশের তরুণদের।