ফার্নেস তেল পাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব কর্মকর্তারা গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দর এলাকায় বিপিসি কার্যালয় গিয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য র্যাব কর্মকর্তারা যাচাই করে দেখছেন। প্রসঙ্গত, গত রোববার রাতে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় পাচারের সময় পদ্মা অয়েল কোম্পানির তিন লাখ ৪০ হাজার লিটার ফার্নেস তেল জব্দ করে র্যাব। এ ঘটনায় ২৩ জনকে আটক করা হয়। বিদেশি জাহাজে ফার্নেস তেল চোরাই পথে বাঙ্কারিং (জাহাজের ট্যাংকারে জ্বালানি ভরা) করে পদ্মার ফার্নেস তেল মাঝিরঘাটে নেওয়া হয়। এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে র্যাব কর্মকর্তাদের ধারণা। র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি তেল সরবরাহে বিপিসির নীতিমালা কী এবং পদ্মাসহ সংশ্লিষ্ট তেল বিপণন কোম্পানিগুলো কীভাবে তেল সংগ্রহ করে, সেই ব্যাপারে বিপিসির কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাঁদের বক্তব্য যাচাই করে দেখছি।’