বিপিসিতে দিনভর উত্তেজনা, তদন্ত কমিটি
দুর্ব্যবহার ও অন্যায় আচরণের অভিযোগ এনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব ও অর্থ পরিচালককে প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। একই দাবিতে তাঁরা করপোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দেন।
অভিযোগের বিষয়ে তদন্ত করতে বিপিসির চেয়ারম্যান এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি প্রেষণে বিপিসিতে পরিচালক (অর্থ) পদে মো. আবদুর রউফ ও সচিব পদে মো. নুরুল আমিন যোগ দেন। বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, যোগ দেওয়ার পর থেকেই তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। তাঁরা করপোরেশনের বিধিবিধান অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে প্রশ্ন তোলেন এবং এগুলো বন্ধের পাঁয়তারা করছেন।
বিপিসির কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক চন্দ্র সুর সাংবাদিকদের জানান, প্রতিবছর ঈদের আগে কর্মচারীরা জুতা কেনার জন্য বিশেষ ভাতা পান। তাঁর অভিযোগ, এ বছর ঈদ ঘনিয়ে এলেও ভাতার ফাইলটি অনুমোদন না করে তা ঝুলিয়ে রেখেছেন অর্থ পরিচালক ও সচিব। এ নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
নাম না প্রকাশের শর্তে একজন কর্মকর্তা জানান, গতকাল নিজ কক্ষে বিপিসির এক মহাব্যবস্থাপককে ডেকে তাঁর কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক। ওই সময় কক্ষে আরেকজন মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। তিনি বিষয়টির প্রতিবাদ জানালে বাদানুবাদ শুরু হয়। এরপর বিপিসির কর্মচারীরাও সেখানে জড়ো হন। পরে তাঁরা পরিচালক ও সচিবের বিরুদ্ধে মিছিল করেন। তিনি জানান, সচিব গতকাল কার্যালয়ে আসেননি। বিক্ষোভকারীরা সচিবের কক্ষের চেয়ার উল্টে রাখেন। তাঁর কক্ষের বাইরের নামফলক খুলে ফেলেন।
এরপর সংস্থাটির সব কর্মকর্তা-কর্মচারী সচিব ও অর্থ পরিচালকের প্রত্যাহার চেয়ে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অর্থ পরিচালক মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘আমি সম্প্রতি অন্য সরকারি সংস্থা থেকে এসেছি। করপোরেশনের সব বিধিবিধান ও সুযোগ-সুবিধা আমার জানা নেই। বিষয়গুলো জানার জন্য বিভিন্ন সময়ে কর্মকর্তাদের প্রশ্ন করেছি। তাঁরা এ বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন।’
বিপিসি সূত্র জানায়, করপোরেশনের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা তাঁর কাছে ফ্যাক্সযোগে স্মারকলিপি পাঠান। স্মারকলিপি পাঠানোর কিছুক্ষণ পর চেয়ারম্যান বিপিসির আরেক পরিচালক (অপারেশন) মো. মোসলেহউদ্দিনকে ঘটনাটি তদন্ত করে আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
বিষয়টি স্বীকার করে মো. মোসলেহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্দেশনা পেয়েছি। তদন্ত করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেব।’