তেল চুরির মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে ব্যাংকের প্রধান শাখার দুই ডিজিএম ও পাঁচ এজিএমকে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
অন্যদিকে, কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
৪০০ কোটি টাকা আত্মসাৎ
আজ সোমবার দুপুরে বিপিসির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। চট্টগ্রাম বন্দর থানায় এ মামলাগুলো করা হয় বলে নিশ্চিত করেছেন রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর উপসহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদী হয়ে মামলাগুলো করেন।
মামলার আসামিরা হলেন বিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ) মনিলাল দাস, ডেপুটি ম্যানেজার (অর্থ) জাহাঙ্গীর হোসেন, উচ্চমান সহকারী (অর্থ) নুরুল ইসলাম, জেনারেল ম্যানেজার (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাব) কাজী সাহিদুর রহমান ও ডেপুটি ম্যানেজার (হিসাব) জাকির হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে প্রায় ৪০০ কোটি টাকা বেশি বিল পরিশোধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তিন অর্থবছরের জন্য পৃথক তিনটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় বিপিসির ওই ছয় কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
অগ্রণী ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা হলেন ব্যাংকের প্রধান শাখার পাঁচ এজিএম শামছুল হুদা, সিরাজুল ইসলাম, শিল্পঋণ বিভাগের আবদুস ছাত্তার, আজিজুল কবির ও মো. সালাউদ্দিন। দুই ডিজিএম হলেন আখতারুল আলম ও আবুল কাশেম।
আজ সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল তাঁদের বিকেল সাড়ে চারটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, অগ্রণী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে রোকো এন্টারপ্রাইজ লিমিটেড, জুলিয়াস সোয়েটার লিমিটেড, এমআর সোয়েটার লিমিটেড, ফজলুর রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড, বিক্রমপুর ট্রেডার্স লিমিটেড ও আর্ক ইন্টারন্যাশনাল অনিয়মের মাধ্যমে বিভিন্ন পরিমাণ ঋণ নেয়।
ডিসি নজরুলকে দুদকে জিজ্ঞাসাবাদ
আজ দুপুরে দুদকের উপপরিচালক নাসিম আনোয়ার গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি মোল্লা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন।
গত ৬ এপ্রিল রাতে গুলশানের বাসা থেকে ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। অভিযোগ রয়েছে, ছেড়ে দেওয়ার শর্ত হিসেবে আবিদুল ইসলামের কাছে এক কোটি পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। পরে ৭ এপ্রিল এক কোটি টাকা ঘুষ নিয়ে ব্যবসায়ী আবিদুলকে ছেড়ে দেওয়া হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের ওই টাকা সংগ্রহ করেন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারদলীয় সাংসদ কবিরুল হক অভিযোগ করেন।