বিপিসির ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
দুর্নীতির মাধ্যমে ৪৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের বন্দর থানায় মামলাগুলো করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর উপসহকারী পরিচালক আলী আকবর খান।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিপিসির উপমহাব্যবস্থাপক (অর্থ) মনিলাল সাহা, উপব্যবস্থাপক (হিসাব) জাহাঙ্গীর হোসেন, উচ্চমান সহকারী (অর্থ) নূরুল ইসলাম, মহাব্যবস্থাপক (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, উপমহাব্যবস্থাপক (হিসাব) শহীদুর রহমান ও উপব্যবস্থাপক জাকির হোসেন। অভিযুক্ত ব্যক্তিরা ২০০৯ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে বিদেশ থেকে প্রায় ৪৭৫ কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।
বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু ছৈয়দ বলেন, দুর্নীতি দমন আইনের ৪০৯ ও ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করা হয়। প্রথম মামলায় (১২ নম্বর) ২৩ কোটি তিন লাখ ৬৩ হাজার ৭১ টাকা, দ্বিতীয়টিতে ৯৮ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ২২৫ টাকা এবং অপরটিতে ৩৫৩ কোটি টাকাসহ মোট ৪৭৪ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬৬৮ টাকা পরস্পরের যোগসাজশে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।