বিপিসির মাসিক লোকসান এক হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাসিক লোকসান প্রায় এক হাজার কোটি টাকা। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল পাঁচটার পরে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বিএনপির সাংসদ মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিপিসির লোকসান বন্ধে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর দেশের অভ্যন্তরে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম চার দফায় ১৭ টাকা এবং ফার্নেস অয়েলের দাম ছয় দফায় ৩৪ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্য বাড়ানোর ফলে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কমেছে। বিএনপির সাংসদ এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের বিরাজমান বিদ্যুৎ ঘাটতি নিরসনে ১৮টি স্থানে এক হাজার ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ ভাড়া ভিত্তিতে কেনার জন্য ১৬টি রেন্টাল কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৪টি কেন্দ্র এক হাজার ৩৯ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে। তিনটি কেন্দ্রে টেস্টিং ও কমিশনিংয়ের কাজ চলছে। ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদকালে দৈনিক এক হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন হয়েছিল। বর্তমানে গড়ে দৈনিক দুই হাজার ৭০ মিলিয়ন ঘনফুট উৎপাদন করা হচ্ছে। বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মোহাম্মদ এনামুল হক জানান, দক্ষিণাঞ্চলের শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বরিশালে গ্যাস সরবরাহ ইতিবাচক হবে না। বর্তমানে পাইপলাইনের মাধ্যমে দেশের ২৬টি জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সারা দেশে চাহিদার তুলনায় ৪৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। দিনে গ্যাসের উৎপাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন এলাকায় গ্যাসসংযোগ বন্ধ রাখার জন্য সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালমা ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাসের উৎপাদন ও সঞ্চালন সীমাবদ্ধতার জন্য নতুন সংযোগ দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অষ্টম ওয়েজ বোর্ড: সাধনা হালদারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, সরকার অষ্টম ওয়েজ বোর্ড গঠনে দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।