বিপিসির লাভের টাকা চায় অর্থ মন্ত্রণালয়
কম দামে জ্বালানি তেল এনে বেশি দামে বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যে মুনাফা করেছে, সেই টাকা এখন ফেরত চাইছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে করণীয় জানতে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছে বিপিসি। তবে এখন পর্যন্ত নির্দেশনা পায়নি।
অর্থ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে জ্বালানি তেলের দাম কমায় এক বছরেরও কম সময়ের মধ্যে বিপিসি প্রায় চার হাজার কোটি টাকা মুনাফা করেছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, অর্থ মন্ত্রণালয় চাইলে টাকা তো ফেরত দিতেই হবে। কিন্তু বিপিসির বিপুল পরিমাণ ব্যাংকঋণ রয়েছে, সে বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, বিপিসি দীর্ঘদিন ধরে যখন লোকসান দিয়ে এসেছে, তখন সরকারি কোষাগার থেকে অর্থ-সহায়তা দেওয়া হয়েছে। এখন বিপিসি মুনাফা করছে। কাজেই মুনাফার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, এটাই নিয়ম। এই নিয়ম অনুসারেই বিপিসির কাছে টাকা চাওয়া হয়েছে। সরকারের কোষাগারে এই টাকা ট্যাক্স-বহির্ভূত রাজস্ব (নন-ট্যাক্স রেভিনিউ) হিসেবে জমা হবে। আবার যখন বিপিসির দরকার হবে, তখন আগের মতোই সহায়তা দেওয়া হবে।
অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসির সূত্রগুলো বলছে, বিপিসি লোকসান দিয়েছে সরকারের সিদ্ধান্তে। জ্বালানি তেল আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে সরকারের নীতির কারণে। বিপিসির এই লোকসান পোষানোর জন্য প্রতিবছর বাজেটে ভর্তুকি খাতে অর্থ বরাদ্দ করে তা বিপিসিকে দেওয়া হতো। সরকার জনগণের সুবিধার জন্য তেলের দাম কম রেখে জনগণের করের টাকায় ভর্তুকি দিয়ে তা সমন্বয় করেছে। এই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার কোনো বিধান নেই। ফেরত দিলেও তা জমা হবে অন্য উৎস থেকে আয় হিসেবে, ভর্তুকি দেওয়া অর্থের বিপরীতে নয়।
তা ছাড়া সরকার যখন ভর্তুকি দিয়েছে, তখনো বিপিসির কাছ থেকে আমদানি শুল্ক, মূসক প্রভৃতি বাবদ বিপুল অর্থ নিয়েছে। সরকারের ভর্তুকির টাকায় বিপিসির সব ব্যয় নির্বাহ করা যায়নি। অন্য উৎস থেকেও ঋণ করতে হয়েছে। জ্বালানি তেল আমদানি করার জন্য প্রতিবছর ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে ১৫-২০ হাজার কোটি টাকা (২০০-৩০০ কোটি ডলার) ঋণ নিতে হয়েছে। অন্যান্য দাতা সংস্থার কাছ থেকেও বিভিন্ন সময়ে ঋণ নিতে হয়েছে। স্থানীয় ব্যাংকেও বিপিসির প্রায় ৪০০ কোটি টাকার ঋণ রয়েছে। এগুলো বিপিসি পরিশোধ করবে কী করে? অর্থ মন্ত্রণালয় বিপিসির মুনাফার টাকা ফেরত নিলেও ওই সব ঋণ কিন্তু বিপিসির নামেই থেকে যাবে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় বছর খানেক ধরে বিপিসি মুনাফা করছে। এই প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের দাম কমানো একটি জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে (বিপিসি, জ্বালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় প্রভৃতি) বলা হচ্ছে, জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ নির্বিঘ্ন করার জন্য বিপিসির একটি তহবিল গঠন জরুরি, যাতে ভবিষ্যতে তেল আমদানির জন্য দাতাদের দ্বারস্থ হতে না হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বলেছে, বছরের পর বছর লোকসান দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। তার মুনাফা দরকার। অথচ এখন অর্থ মন্ত্রণালয় বিপিসির সম্পূর্ণ লাভের টাকা ফেরত দিতে বলছে। তাহলে তো বিপিসির লাভ-লোকসানের কোনো প্রশ্ন ওঠাই অনুচিত।