বিপিসির ৭৫০ টাকার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৭৫০ টাকার একটি এলপি গ্যাস সিলিন্ডার এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না হওয়ায় খুলনা অঞ্চলে এলপি গ্যাসের তীব্র সংকটের পাশাপাশি অস্বাভাবিকভাবে গ্যাসের দাম বেড়েই চলেছে।বিপিসির স্থানীয় তিনটি ডিপো—পদ্মা, মেঘনা ও যমুনার একশ্রেণীর কর্মকর্তা ও অসাধু ডিলার এ সুযোগকে কাজে লাগিয়ে আর্থিকভাবে ফায়দা লুটছেন বলে অভিযোগ উঠেছে।এদিকে গ্যাস সরবরাহ নিয়ে একশ্রেণীর ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি অভিযোগের কারণে ১৬ আগস্ট থেকে মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন। তাদের দাবি, মেঘনা পেট্রোলিয়ামের খুলনা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপককে (এজিএম) এ কে এম আকতার কামাল চৌধুরীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ঘটনায় খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।আকতার কামাল চৌধুরী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খুলনার তিনটি ডিপো-সংলগ্ন কয়েকজন প্রভাবশালী ডিলার সিন্ডিকেটের মাধ্যমে তাঁদের জিম্মি করে রেখেছেন। তাঁরা সময়ে-অসময়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার দাবি করে আসছেন। এ দাবি মেটাতে না পারা এবং একজন প্রভাবশালী পেট্রোলপাম্পের মালিকের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় তাঁরা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি দিয়েছেন।’খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা অঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকায় গৃহস্থালিতে এলপি গ্যাস সিলিন্ডারই ব্যবহার করা হয়। বিপিসির মতে, খুলনা অঞ্চলে প্রতি মাসে এক লাখ গ্যাস সিলিন্ডারের চাহিদা রয়েছে। কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা মিলে প্রতি মাসে সরবরাহ করে মাত্র ১০ হাজার সিলিন্ডার। বাকি সিলিন্ডার সরবরাহ করে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের গ্যাসের দাম বাড়িয়ে বর্তমানে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি করছে। কিন্তু বিপিসির গ্যাসের দাম বাড়ানো হয়নি। ডিলাররা ডিপো থেকে ৬৮০ টাকায় গ্যাস নিয়ে গ্রাহকদের কাছে ৭৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু সাধারণ মানুষ এই দামে ডিলারদের কাছ থেকে গ্যাস কিনতে পারে না। বিপিসির প্রায় সব ডিলারই এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার প্রকাশ্যেই বিক্রি করছেন।এদিকে সংকট নিরসনের লক্ষ্যে খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন কর্মসূচি ঘোষণাকারী চারটি সংগঠনের নেতাদের গতকাল শনিবার রাত আটটায় খুলনা সার্কিট হাউস মিলনায়তনে বৈঠকের জন্য ডেকেছেন বলে জানা গেছে।