বিপুল জনগোষ্ঠীকে অর্থনৈতিক সেবার আওতায় আনতে হবে

নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা বাংলাদেশের জনগোষ্ঠীর ব্যাপক অংশকে অর্থনৈতিক সেবার আওতায় আনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ তাঁর মতে, দেশের জনসংখ্যার একটি বড় অংশ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার বাইরে আছে। বিপুল জনগোষ্ঠীকে অর্থনৈতিক সেবায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করার ওপরও তিনি জোর দিয়েছেন।
তিন দিনের বাংলাদেশ সফর শেষে গতকাল বুধবার ঢাকা ছাড়ার আগে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রানি ম্যাক্সিমা এ মত দেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স উপস্থিত ছিলেন।
জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থাবিষয়ক বিশেষ দূত হিসেবে রানি ম্যাক্সিমা গত সোমবার ঢাকায় এসেছেন। সফরের শেষ দিনে তিনি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের এক উপাত্তের প্রসঙ্গ টেনে রানি ম্যাক্সিমা বলেন, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩০ শতাংশ ব্যাংকিং সেবার আওতায় রয়েছে। কাজেই এ ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করতে হবে। ব্যাপক জনগোষ্ঠীকে অর্থনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের মোবাইল ব্যাংকিংকে তিনি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেন।
তবে নেদারল্যান্ডসের রানির সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ক্ষুদ্রঋণের বিষয়টিকে বিবেচনায় রাখলে সব মিলিয়ে বাংলাদেশের ৬৭ শতাংশ জনগোষ্ঠী ব্যাংকিং সেবার আওতায় রয়েছে।
রানি ম্যাক্সিমার মতে, অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় শুধু ঋণ পাওয়ার বিষয়টি নয়, এর সঙ্গে সঞ্চয়, স্বাস্থ্যসেবা, বিমা ও কর্মসংস্থানের মতো সুযোগগুলোও থাকতে হবে। তিনি বলেন, অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া পরিবর্তনশীল হতে হবে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারী-পুরুষের সমতা ও খাদ্য নিরাপত্তার মতো উন্নয়ন লক্ষ্য অর্জন এবং সমতাভিত্তিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সহজলভ্য, কার্যকর নিরাপদ আর্থিক ব্যবস্থা ফলপ্রসূ হয়ে থাকে।
নেদারল্যান্ডসের রানি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার জাতীয় কৌশলপত্রের খসড়া তৈরি করছে, যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত হতে পারে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হওয়ার লক্ষ্য মাথায় রেখে এই কৌশলপত্র তৈরি হচ্ছে। তিনি বলেন, সুশাসনের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া জোরদার হলে দুর্নীতি রোধে তা সহায়ক হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়নে সব সময় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রানি ম্যাক্সিমা।
গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রানি ম্যাক্সিমা সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা বলেন। ওই সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
২০২১ সালে মধ্য আয়ের দেশে উন্নীত হতে যে লক্ষ্যমাত্রা বাংলাদেশ নির্ধারণ করেছে, তা পূরণের জন্য সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেন নেদারল্যান্ডসের রানি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ মোবাইল ব্যাংকিংয়েরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশের ২ কোটি ৯০ লাখ নাগরিক মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শুনেও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডস বদ্বীপ অঞ্চল হওয়ায় অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন রানি ম্যাক্সিমা।
বৈঠককালে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করে এর অংশ হিসেবে নদীর নাব্যতা বৃদ্ধি, ভূমি পুনরুদ্ধার, বন্যা প্রতিরোধ বাঁধ এবং উপকূলীয় এলাকায় সবুজায়নের কথা বলেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রানি ম্যাক্সিমা।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া পদক্ষেপ ও তৈরি পোশাকশিল্পের ভূমিকার কথা জানান।
নেদারল্যান্ডসের রানি ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের সফলতার প্রশংসা করেন। তিনি নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপেরও প্রশংসা করেন এবং আশা করেন বাংলাদেশ এই ধারা অব্যাহত রাখবে।
জয়নাল আবেদীন আরও বলেন, রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভূ-প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে। নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ একে অপরের সহযোগিতা করতে পারে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ উপকৃত হতে পারে।
রাষ্ট্রপতি এ সময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) উন্নয়নে সরকারের সাফল্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রানিকে ধারণা দেন।