বিপুল পরিমাণ অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা নিধন প্রতিরোধে গত ১৮ দিনে ২১ লাখ ৭৩ হাজার ১৮১ মিটার অবৈধ জাল আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক এসব জালের দাম প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় এই অভিযান চালানো হয়। বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি হিসেবে ব্যাপক অভিযান পরিচালনা করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু ‘অপারেশন জাটকা’ নামে এই অভিযান চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আটক এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ অভিযানের ফলে দেশের নদ-নদীগুলোতে জাতীয় সম্পদ ইলিশের সমাগম আগের চেয়ে অনেকাংশে বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।