বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার মামলা দায়ের
লালমনিরহাটের বারিয়ার দিঘীপাকা সড়ক এলাকায় রোববার দিবাগত রাতে কুলাঘাট থেকে লালমনিরহাটগামী একটি মিনি ট্রাক থেকে তিন মণ সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে লালমনিরহাট সদর থানায় ট্রাকমালিক ও চালকের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, দিবাগত রাত সাড়ে তিনটায় ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ধানের কুঁড়ার বস্তার নিচ থেকে গাঁজাভর্তি ১২টি বস্তা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ও সহযোগী কাউকে পাওয়া যায়নি।
ওসি জমির উদ্দিন আরও বলেন, তিন মণ সাত কেজি ওজনের গাঁজার মূল্য আনুমানিক ১২ লাখ ৭০ হাজার টাকা। টহল পুলিশের গাড়ি দেখতে পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে গাড়িতে পাওয়া কাগজপত্র দেখে অনুসন্ধান চালিয়ে মালিক নূর ইসলাম ও চালক দুলালের নাম পাওয়া গেছে। জব্দ করা মালামাল ও ট্রাক লালমনিরহাট সদর থানার পুলিশের হেফাজতে রয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।