বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে গতকাল শনিবার বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পাঁচ লাখ টাকার জাল নোট, তিনটি প্রিন্টার, আটটি ডাইস মেশিন, কালি ও বিপুল পরিমাণ প্রসেসড পেপার। এই পেপার দিয়ে ৫০০ ও এক হাজার নোটের অন্তত এক কোটি টাকা ছাপানো সম্ভব বলে পুলিশ জানায়। এ সময় বাদশা মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকেও আটক করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়াই গ্রামে। উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, গাউছিয়া মার্কেটের পেছনে শিংলাবো এলাকার আলামিন মিয়ার বাড়িতে জাল নোট তৈরি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ বাদশা মিয়াকে আটক করা হয়। এসআই বলেন, জিজ্ঞাসাবাদে বাদশা জানিয়েছেন, তাঁরা দুই মাস ধরে ওই বাড়িটি ভাড়া নিয়ে জাল নোট ছাপিয়ে আসছিলেন। তাঁদের চারজনের একটি দল রয়েছে। নোট ছাপানো শেষে তাঁরা তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, জাল নোট তৈরি চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। ডাকাত সন্দেহে গ্রেপ্তার: নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে উজ্জ্বল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ফতুল্লার দাপা ইদ্রাকপুরে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, উজ্জ্বলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত ডাকাত শহীদের ছোট ভাই।