বিপুল পরিমাণ টাকা নিয়ে সমিতির কর্মকর্তা উধাও
নারায়ণগঞ্জে এক লাখ টাকায় মাসে আড়াই হাজার টাকা সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে একটি সমিতির কর্মকর্তা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে নামহীন ওই সমিতিতে টাকা আমানত রাখা লোকজনের অভিযোগের ভিত্তিতে নগরের দেওভোগ আখড়া এলাকা থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। সমিতির কর্মকর্তা গ্রাহকদের টাকা নিয়ে যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে বার্তা পাঠানো হয়েছে।মামলার অভিযোগের বর্ণনা দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, নগরের দেওভোগ আখড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী সহোদর বাদল রায় ও বিদ্যুৎ রায় নামহীন একটি সমবায় সমিতির মাধ্যমে প্রতি এক লাখ টাকায় মাসে আড়াই হাজার টাকা সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এক সপ্তাহ আগে হঠাৎ করে বিদ্যুৎ রায় নিরুদ্দেশ হয়ে যান। খবর পেয়ে আমানতকারীরা পাওনা টাকার জন্য বিদ্যুতের বড় ভাই বাদলকে চাপ দিলে তিনি সবার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে বাদল রায়ও পালিয়ে যান। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে টাকা জমা দেওয়া শত শত নারী-পুরুষ তাঁদের বাড়িতে গিয়ে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ বাদল ও বিদ্যুৎ রায়ের ভাই শ্যামল রায় ও তাঁর স্ত্রী এবং অপর ভাই পরিমল রায়ের স্ত্রীকে আটক করে।এ ঘটনায় গতকাল শুক্রবার সমিতির আমানতকারী আকাশ নামের এক ব্যক্তি বাদী হয়ে আটক তিনজনসহ ১২ জনকে আসামি করে মামলা করেছেন।