বিপুল পরিমাণ বিস্ফোরকসহ হুজির চার সদস্য আটক
বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও গুলিসহ চার ব্যক্তিকে আটক করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক হওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা-কর্মী বলে দাবি করেছে র্যাব।
গতকাল রোববার দিবাগত রাতে সাভারের আশুলিয়া ও উত্তরার আবদুল্লাহপুর থেকে তাঁদের আটক করা হয়েছে বলে র্যাবের দাবি।
আটক হওয়া চারজন হলেন খলিলুর রহমান, মো. আবদুল কাদের, শরীফুজ্জামান ও মাকসুদুর রহমান।
র্যাবের ভাষ্যমতে, আটক করা ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ১০০ এসএমজির গুলি, ৩২টি পিস্তলের গুলি, প্রায় এক হাজার কেজি এক্সপ্লোসিভ জেল, একটি বিদেশি পিস্তল ও ককটেল উদ্ধার করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, আটক চারজনের মধ্যে খলিলুর রহমান ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার পলাতক আসামি।
খলিলুর ও আবদুল কাদেরকে সাভারের আশুলিয়া থেকে এবং অন্য দুজনকে আবদুল্লাহপুর থেকে আটক করা হয়েছে।