বিপুল প্রাণের উৎসবে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা বটমূলে বৃহস্পতিবার সকালে ছায়ানটের শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনা l প্রথম আলো
রমনা বটমূলে বৃহস্পতিবার সকালে ছায়ানটের শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনা l প্রথম আলো

মাথার ওপর গনগনে সূর্য। খরতাপ উপেক্ষা করে হাজার হাজার শিশু-নরনারী পায়ে পায়ে এগিয়েছে মহানগরের পথে পথে। গল্পেসল্পে, অনুষ্ঠানকেন্দ্রে ঘুরেফিরে গত বৃহস্পতিবার বাংলা নববর্ষ উৎসব উদ্যাপন করেছে ঢাকা নগরবাসী।

সুরের ধারার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন l প্রথম আলো
সুরের ধারার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন l প্রথম আলো

বরাবরের মতো সকাল থেকেই পথে পথে নেমেছিল মানুষের ঢল। লাল-সাদা রঙে, লোক-ঐতিহ্যের আঙ্গিকের নকশা করা তাঁতের শাড়ি ছিল নারীদের পরনে। পুরুষেরা পরেছেন রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। কেউ কেউ গামছা বেঁধে নিয়েছিলেন মাথায়। অনুরূপ সজ্জা শিশু-কিশোরদের। ‘স্বাগত ১৪২৩’, ‘শুভ নববর্ষ’ এসব লিখে নিয়েছিল অনেকে বাহুতে-চিবুকে। শিশু-কিশোরদের হাতে দেখা গেছে রঙিন কাগজের চরকি, ছোট ছোট ঢোল, একতারা, নলখাগড়া বা বাঁশের বাঁশি। তবে এবার উদ্ভট শব্দ সৃষ্টিকারী ভুভুজেলা নিষিদ্ধ করায় সেই বস্তুটি দেখা যায়নি বিশেষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি গানের আসরের মধ্য দিয়ে ভোর সাড়ে ছয়টায় শুরু হয়েছিল উৎসবের সূচনা। এবারে নববর্ষ আবাহনের এই সংগীতায়োজনে প্রাধান্য পেয়েছে মানবতার গান। মোট ১৫টি একক গান, ১২টি সম্মিলিত গান, তিনটি আবৃত্তি ও পাঠ দিয়ে সাজানো হয় অনুষ্ঠান। যাতে অংশ নেন প্রায় দেড় শ জন শিল্পী। ছায়ানটের প্রভাতি আয়োজনের রীতি অনুসারে জাতীয় সংগীতের আগে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার কথা ছিল ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের। শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত না থাকায় তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহসভাপতি সারওয়ার আলী।
চারুকলা অনুষদের আয়োজনে নববর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের হয় সকাল নয়টায়। এবার স্লোগান ছিল ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’। পাখি, মা-শিশুসহ বিভিন্ন বড় আকারের পুতুল, রঙিন মুখোশে বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রা শাহবাগ থেকে টিএসসি ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়। যাতে অংশ নেন সব শ্রেণি-পেশা, সব বয়সী মানুষ।
এবারের মঙ্গল শোভাযাত্রার সম্মুখ ও শেষভাগে ছিল পুলিশ, র্যাব ও সোয়াটের নিরাপত্তাবলয়।
ভোর থেকেই সুরের ধারা আয়োজিত হাজার কণ্ঠে গানের অনুষ্ঠান ছিল শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় এই আয়োজন অবশ্য শুরু হয়েছিল আগের দিন চৈত্রসংক্রান্তি উপলক্ষে। যৌথভাবে বর্ষবরণের এই আয়োজন করে চ্যানেল আই ও সুরের ধারা। ভোরে সূর্যোদয়ের পর রেজওয়ানা চৌধুরী বন্যা ‘ওঠো ওঠো রে’ গানটি গেয়ে শোনান। পরে সমবেত কণ্ঠে গাওয়া হয় বর্ষবরণের আরও গান।
রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি এলাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। এই এলাকার ফুটপাতেও বারোয়ারি পণ্যের পসরা বসতে দেওয়া হয়নি।
সকাল সাড়ে ১০টায় ছিল শিশুপার্কের নারকেল বীথি চত্বরে ঋষিজ শিল্পীগোষ্ঠীর গানের আসর। বিভিন্ন সংগঠনের আয়োজনে গানের অনুষ্ঠান ছিল রমনা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর—এসব এলাকায়।
ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে ছিল গানের আসর, লেকের পাড়ে ‘এসো হে বৈশাখ’ নামের গানের আসর করে সারগম ললিতকলা একাডেমি। কনসার্ট ছিল ধানমন্ডি মাঠে। গুলশান সোসাইটির অনুষ্ঠান ছিল গুলশান মাঠের সামনে। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নববর্ষের অনুষ্ঠানে অংশ নেয় এলাকার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বাহাদুর শাহ পার্কেও ছিল বর্ষবরণের আয়োজন।
সন্ধ্যার পর অনেকে বাড়ির ছাদে, বহুতল আবাসিক ভবনের প্রাঙ্গণ বা অনুষ্ঠান করার জায়গায় মঞ্চ করে গানবাজনার আয়োজন করেন।
এবারে পয়লা বৈশাখ ছিল বৃহস্পতিবার। এর সঙ্গে শুক্র ও শনি দুই দিন সাপ্তাহিক ছুটি যোগ হয়। টানা তিন দিনের ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান প্রিয়জনদের সঙ্গে নববর্ষের আনন্দ-উৎসব উপভোগ করতে।