লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা নুরুল ইসলামের খুনি এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মহিলা দল মানববন্ধন করেছে।মানববন্ধনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফ করে সন্ত্রাসীদের উসকে দিয়েছেন। এ সরকারের কাছ থেকে ন্যায়বিচার পাওয়া যাবে না। সরকার নিজ দলের নেতা-কর্মী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।আমীর খসরু আরও বলেন, সারা দেশে ছাত্রী ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। সরকারের ব্যর্থতা ও উদাসীনতার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া। ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচন করবে না।কর্মসূচিতে সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সাবেক সাংসদ রোজি কবির, জেলি চৌধুরী প্রমুখ অংশ নেন। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।