বিপ্লবী ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কৃষকদের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী ইলা মিত্রের লড়াই ছিল শোষিত, নিপীড়িত, মেহনতি মানুষের মুক্তির জন্য। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। যদি সেই লক্ষ্যে কাজ করা যায়, মেহনতি মানুষকে ভালোবাসা যায়, তাহলে ইলা মিত্রের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
গতকাল সোমবার তেভাগা আন্দোলনের কেন্দ্রস্থল নাচোলের কেন্দুয়ায় ইলা মিত্র স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইলা মিত্রের ১২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ইলা মিত্র স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন, বাসদের নেতা জয়নাল আবেদিন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা বিমল চন্দ্র রাজোয়ার, নেজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আওয়াল, নাচোল ডিগ্রি কলেজের শিক্ষক আল্লামা আকবর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী রাজোয়ার।
সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ইলা মিত্রের ওপর পাকিস্তান পুলিশ যে নির্যাতন চালিয়েছিল—ইতিহাসে তা নজিরবিহীন, ভাষায় বর্ণনা করা কষ্টকর। তবে ১৯৯৬ সালে তেভাগা আন্দোলনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে নাচোলে এসে লাখো মানুষের ভালোবাসা দেখে নিজের ওপর নির্যাতনের সে কষ্টের স্মৃতি ইলা মিত্র ভুলে গিয়েছিলেন। ইলা মিত্রকে সীমান্ত পার করে ভারতের নাগরিক করা হয়েছিল। কিন্তু তিনি এ দেশের সবার হৃদয়ে বেঁচে থাকবেন। শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে তিনি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবেন। ইলা মিত্রের প্রতি সম্মান-শ্রদ্ধা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের কয়েক শ আদিবাসী নারী-পুরুষ ছাড়াও স্থানীয় বাঙালি কৃষকেরা উপস্থিত ছিলেন।