বিপ্লবী বিনোদ বিহারীর জন্মশতবর্ষে চট্টগ্রামে তিন দিনের উত্সব
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর শততম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উত্সব। শুক্রবার বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ‘উত্সব ও শপথের আহ্বান-শতাঞ্জলি’ শীর্ষক এই উত্সবের উদ্বোধন করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। ১০ জানুয়ারি রোববার বিকেল পাঁচটায় জে এম সেন হল প্রাঙ্গণে শতবার্ষিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উত্সব সামনে রেখে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিপ্লবী বিনোদ বিহারী জন্মশতবর্ষ উত্সব উদ্যাপন পরিষদের সম্পাদক কবি আবুল মোমেন। বক্তব্য দেন পরিষদের চেয়ারম্যান সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। সভায় তিন দিনের অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ, মুসলিম ইনস্টিটিউট হল, জে এম সেন হল ও ডিসি হিলে তিন দিনের এই কর্মসূচি চলবে। শুক্রবার বিকেলে শহীদ মিনারে উত্সবের উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। একই দিন বিকেল পাঁচটায় জে এম সেন হলের মাস্টারদা সূর্য সেন মঞ্চে ‘শতাব্দীর সূর্য’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন শনিবার সকাল ১০টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘শতবর্ষের আলোকে বাংলা ও বাঙালি ১৯১০-২০১০’ শীর্ষক সেমিনার। উত্সবের শেষদিন রোববার সকালে নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী শপথবাক্য পাঠ করাবেন। বিকেল সাড়ে চারটায় জে এম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান।