বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১০৩তম জন্মদিন পালন
চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে মাস্টারদা সূর্যসেনের সহযোগী ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১০৩তম জন্মদিন। গতকাল বৃহস্পতিবার দিনভর চট্টগ্রাম নগরের মোমিন রোডের বাসভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে ফুলেল সম্মাননা জানান। জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে ‘শঙ্খ-দেয়াং পরিষদ’।সন্ধ্যায় অনুষ্ঠানে প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘শতাব্দীপ্রাচীন এই মানুষ ইতিহাসের সাক্ষী, ইতিহাসের নির্মাতা ও ইতিহাসের সহযাত্রী। আমাদের সৌভাগ্য, তিনি এখনো জীবিত। আরও সৌভাগ্য, তিনি কৈশোরে যে বিপ্লবী আদর্শ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই আদর্শ আজও ধরে রেখেছেন।’ অনুষ্ঠানে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘হিতৈষী বন্ধুদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। শুধু একটা কথাই বলব, মানুষের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ সর্বজনীন। এসব সুকুমারবৃত্তির চর্চা করতে হবে।’ এরপর মঞ্চস্থ করা হয় চট্টগ্রামের লোককাহিনি অবলম্বনে রচিত গীতিনাট্য আমিনা সোন্দরী। অনুষ্ঠানে জানানো হয়, গীতিনাট্যটির সংগ্রাহক প্রয়াত আশুতোষ চৌধুরী। এটির নাট্যরূপ দেন প্রয়াত সুচরিত চৌধুরী। নাট্যজন মিলন চৌধুরীর নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ করা হয়।