বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী উদ্যাপন
শেরপুরে ব্রিটিশ ও পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী রবি নিয়োগীর ১০৫তম জন্মবার্ষিকী গতকাল বুধবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের’ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবি নিয়োগীর জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনের নিউমার্কেটের কার্যালয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার। আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ সুধাময় দাস, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রদীপ দে কৃষ্ণ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রবি নিয়োগী ছিলেন নির্লোভ, নির্মোহ, সমাজহিতৈষী একজন মানুষ। আজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে ও ধনতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করেছেন। তাঁর স্বপ্ন ছিল এ দেশ একদিন ‘সোনার বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাঁরা এ স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের সব মানুষকে কঠিন সংগ্রামে ব্রত হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে রবি নিয়োগীর জন্মদিন উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুশীল মালাকার। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গণসংগীত ও দেশের গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে গতকাল বিপ্লবী রবি নিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে রবি নিয়োগীর জীবনীর ওপর আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।