বিপ্লবী হওয়ার গল্প শোনালেন বিনোদবিহারী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তখন আমি কলেজে পড়ি। অন্ধকার রাতে চট্টগ্রামের একটি শ্মশানে মাস্টারদার সঙ্গে প্রথম দেখা। একপর্যায়ে মাস্টারদা বললেন, তোমাকে বিপ্লবীদের দলে নেওয়া যাবে না। এর চেয়ে বরং তুমি পড়ালেখা করে জজ-ব্যারিস্টার কিংবা ডাক্তার-প্রকৌশলী হও। সেখান থেকেই দেশের সেবা করো। পরবর্তী সাক্ষাতেও মাস্টারদা আমাকে দলে নেবেন না বলে জানিয়ে দেন।’না, এখানেই গল্পের শেষ নয়। সেদিনকার সেই একাগ্র দেশপ্রেমিক ও সাহসী যুবকটি বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিলেন। শুধু নাম লেখানো নয়, নিরীহ ভারতীয়দের হত্যা ও দেশ দখলকারী ব্রিটিশদের মনে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে জীবন বাজি রেখে চট্টগ্রামে অস্ত্রাগার লুটেও অংশ নিয়েছিলেন। তিনি শতবর্ষী বিপ্লবী ও মাস্টারদার সহযোগী বিনোদবিহারী চৌধুরী।ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হয়েও কীভাবে বিপ্লবীদের দলে নাম লেখালেন সে কথাই গতকাল সোমবার এশিয়াটিক সোসাইটির মাসিক বক্তৃতায় এসে বর্ণনা করলেন তিনি।কীভাবে মাস্টারদার মন গলালেন? এ প্রসঙ্গে বিনোদবিহারী বললেন, ‘একপর্যায়ে মাস্টারদার সঙ্গে রেগে গেলাম। তাঁকে বললাম, আপনিই কি ভারতীয় উপমহাদেশে একমাত্র বিপ্লবী? অন্য দলও তো আছে। আমাকে না নিলে অন্যদের দলে যোগ দেব। এরপরই মাস্টারদা আমাকে জড়িয়ে ধরে দলে নিয়েছিলেন।’বিপ্লবীদের সংগ্রামের ফসল ভারতের স্বাধীনতা। স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ নামে বাঙালিদের ভূখণ্ডও। কিন্তু সব অর্জন কি হয়ে গেছে? বিনোদবিহারী স্বগতোক্তির মতো প্রশ্ন করলেন নিজেকেই। আর উত্তরও দিয়েছেন নিজেই, ‘১৯৪৭-এর স্বাধীনতা, আনন্দের বদলে দুঃখ দিয়েছে। সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে দেশকে টুকরো টুকরো করা হয়েছে, যা আমরা চাইনি। ১৯৭১ সালে স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু এখনো অর্থনৈতিকসহ অন্যান্য মুক্তি আসেনি। সাম্প্রদায়িকতা এখনো আছে।’তবে আশাবাদী বিনোদবিহারী চৌধুরী বললেন, ‘নতুন প্রজন্মকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ভয়, ভীরুতা ও কাপুরুষতা ঝেড়ে ফেলতে হবে। তাহলে দেশের মানুষ আর ক্ষুধায় কাতরাবে না। সবাই শিক্ষা-চিকিত্সা পাবে।’ বিনোদবিহারী চৌধুরীর বক্তৃতা শেষে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম। আইনমন্ত্রী শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাগরিক সমাজের লোকজন দর্শক সারিতে বসে বিনোদবিহারী চৌধুরীর বক্তৃতা শোনেন।সিরাজুল ইসলাম বলেন, সেদিনের বিপ্লবীরা বুঝতে পেরেছিলেন অস্ত্র দিয়ে ব্রিটিশদের তাড়ানো সম্ভব নয়। এমন কিছু করতে হবে, যাতে তাদের মনে ভয় ঢুকে যায়। এ ক্ষেত্রে মাস্টারদার নেতৃত্বে বিনোদবিহারী চৌধুরীরা সফল হয়েছিলেন।