বিপ্লবীর জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৫তম জন্মদিন আজ শনিবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
নাগরিক স্মরণসভা কমিটির উদ্যোগে আজ বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে বিপ্লবীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের পাশাপাশি জন্মদিনের কেক কাটা হবে। পরে এ এম আবদুল্লাহ রচিত অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে বিপ্লবীকে নিয়ে আলোচনা করবেন শহীদজায়া বেগম মুশতারী শফী, আইনজীবী রানা দাশগুপ্ত, কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক মাহবুবুল হক প্রমুখ।
বিপ্লবীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। নগরের চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত ফাউন্ডেশনের মিলনায়তনে সকাল নয়টায় এ সভা হবে।
নগরের আন্দরকিল্লা মোড়ে বিনোদ বিহারী চৌধুরীর জন্মদিন উপলক্ষে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করার কথা ছিল। কিন্তু তারিখ পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় ও বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিপ্লবীর আবক্ষ মূর্তি নির্মাণ করা হচ্ছে।
২০১৩ সালের ১০ এপ্রিল ১০৩ বছর বয়সে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যু হয়।