বিপ্লবের আরও দুটি মামলা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের বিরুদ্ধে আরও দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, অপরটি অগ্নিসংযোগের মামলা। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রথম বছরেই রাজনৈতিক বিবেচনায় মামলা দুটি প্রত্যাহার করা হয়। কিন্তু তা প্রকাশ পায়নি।লক্ষ্মীপুরের আদালত সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে (১৯৯৬-২০০১) দায়ের করা স্কুলছাত্র আহমদ জাহেদ হত্যা মামলা ও দারুল আমান একাডেমি নামে একটি এতিমখানায় হামলা ও অগ্নিসংযোগ করার মামলার আসামি ছিলেন বিপ্লব। ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা হিসেবে বিবেচনায় নিয়ে এ-সংক্রান্ত জাতীয় কমিটি ২০০৯ সালে বিপ্লবের বিরুদ্ধে করা মামলা দুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। মামলা দুটি আর না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সরকারি কৌঁসুলিকে (পিপি) বলা হয়।জানতে চাইলে পিপি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আহমদ জাহেদ হত্যা ও দারুল আমান একাডেমি পোড়ানোর ঘটনায় করা পৃথক দুটি মামলায় বিপ্লব আসামি ছিলেন। সরকার ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় মামলা দুটি প্রত্যাহার করেছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। স্থানীয় সূত্রগুলো জানায়, বিগত আওয়ামী লীগ ১৯৯৯ সালের আগস্টে লক্ষ্মীপুর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জামায়াত-শিবির মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। তখন বিপ্লবের নেতৃত্বে শিবিরের ওপর হামলা হয়। এ সময় গুলিতে নবম শ্রেণীর ছাত্র আহমদ জাহেদ ঘটনাস্থলেই মারা যায়। আর, দারুল আমান এতিমখানা আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে ২০০০ সালের ১৯ অক্টোবর। স্থানীয় সূত্রগুলো জানায়, ওই এতিমখানাটিও ছিল জামায়াত নিয়ন্ত্রিত। সেখানে ৩০০ এতিম ছাত্র লেখাপড়া করত। ওই দিন বিপ্লবের নেতৃত্বে তাহের বাহিনীর লোকজন সেখানে হামলা চালায়। তারা এতিমখানাটি সম্পূর্ণ পুড়িয়ে দেয়। এর চার দিন পর তারা ওই এতিমখানার মাটি পর্যন্ত কেটে নিয়ে যায়। তখন মাটি কাটায় বাধা দিতে গেলে তারা লক্ষ্মীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নুরুল হুদাকেও মারধর করে।এতিমখানায় অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেই বিপ্লবসহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বর্তমান সরকার প্রত্যাহার করে নেয়। অবশ্য লক্ষ্মীপুরের পিপি জসিম উদ্দিন দাবি করেন, আহমদ জাহেদকে কারা হত্যা করেছে, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাজনৈতিক কারণেই যে বিপ্লবকে এই মামলায় আসামি করা হয়েছিল, তা নিশ্চিত করে বলাযায়।প্রসঙ্গত, বিগত (১৯৯৬-২০০১) আওয়ামী লীগ সরকারের আমলে আবু তাহের ও তাঁর ছেলেদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর নানা অপরাধমূলক তৎপরতার কারণে লক্ষ্মীপুর ‘সন্ত্রাসের জনপদ’ নামে পরিচিতি পায়। বিপ্লব ছিলেন তখন এলাকায় মূর্তিমান আতঙ্ক। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুরে সন্ত্রাসের অনেক অভিযোগ থাকলেও তিনটি হত্যা মামলায় তাঁর সাজা হয়।