বিপ্লবের জামিন নামঞ্জুর, আবার রিমান্ডে হুমায়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী ওরফে বিপ্লবের জামিনের আবেদন গতকাল সোমবার নামঞ্জুর করেছেন আদালত। আরেক আসামি হুমায়ুন কবির ওরফে হিরাকে অন্য একটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিএনপির নেতা রাশেদ-উন-নবী রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই জামিন আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য তাঁকে গতকাল কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আবেদনটি নামঞ্জুর করে আগামী ২ নভেম্বর এই মামলার কার্যক্রমের পরবর্তী দিন ধার্য করেন।
এদিকে কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো অপর আসামি হুমায়ুন কবির ওরফে হিরার দ্বিতীয় দফা রিমান্ড গতকাল শেষ হয়। কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুনকে ১৫ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তবে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাঁকে আরেকটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আদালতের কোর্ট পরিদর্শক মনোজ কুমার রায়। তবে কোন মামলায় তাঁর এই রিমান্ড চাওয়া হয়েছে তা জানা যায়নি।
এদিকে হুমায়ুনের মা হাসিনা বেগম বলেছেন, হুমায়ুনের স্ত্রী সুলতানা আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দিন আগে বাড়ি থেকে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। তাঁর আরেক ছেলে কামরুলও এ ঘটনার পর থেকে বাড়িতে নেই। সে কোথায় আছে, তা তিনি জানেন না।
জাপানি নাগরিক কুনিও হোশি ৩ অক্টোবর রিকশায় করে রংপুর শহরের উপকণ্ঠে অবস্থিত কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে নিজের খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ মামলায় এখন পর্যন্ত কেবল দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুনকে ৫ অক্টোবর থেকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৪ অক্টোবর দ্বিতীয় দফায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। আরেক আসামি বিএনপির নেতা রাশেদ-উন-নবী খানকেও ৫ অক্টোবর থেকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে ১০ অক্টোবর রিমান্ড বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়।