বিপ্লবের জামিন বাতিলের জন্য আপিল হচ্ছে
দুটি হত্যা ও একটি অস্ত্র মামলায় ৭২ বছরের সাজাপ্রাপ্ত চরমপন্থী নেতা আবদুস সালাম ওরফে বিপ্লবের জামিন বাতিলের জন্য আপিল করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২১ মার্চ প্রথম আলোয় ‘৭২ বছরের সাজাপ্রাপ্ত বিপ্লব মুক্তি পাচ্ছেন!’ শিরোনামে খবর প্রকাশিত হয়। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার রেবেকা সুলতানা বলেন, চরমপন্থী নেতা আবদুস সালাম ওরফে বিপ্লবের জামিন বাতিলের ব্যাপারে আপিলের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর দপ্তর থেকে ডেপুটি সলিসিটরকে বলা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বিপ্লবের জামিন বাতিলের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি তাঁরা পেয়েছেন। প্রসঙ্গত, ৭২ বছরের সাজাপ্রাপ্ত চরমপন্থী নেতা, লাল্টু বাহিনীর দ্বিতীয় প্রধান বিপ্লব ১৯৯১ সাল থেকে কারাগারে আছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদায় খুনের দায়ে দুটি মামলায় যাবজ্জীবন, অর্থাৎ ৩০ বছর করে ৬০ বছর এবং আলমডাঙ্গা থানার একটি অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড হয় বিপ্লবের। এই তিন মামলায় তিনি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।