বিপ্লবের বিয়ে হয়েছে জেলকোড মেনে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলকোড মেনে তাহেরপুত্র এইচ এম বিপ্লবের বিয়ে হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ ছাড়া বিএনপির আন্দোলনকে ‘হুমকি’ মনে করছেন কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মোটেও না। আমাদেরও রাজনৈতিক দল আছে। আমরাও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা নেই। অনিয়মতান্ত্রিক কিছু করলে ছাড় নেই।’

প্রসঙ্গ বিপ্লবের বিয়ে: লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের বড় ছেলে ও একাধিক খুনের মামলার আসামি বিপ্লবের কারাগারে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্প্রতি গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জেলকোড মেনেই বিপ্লবের বিয়ে হয়েছে। তিনি জেলা প্রশাসক এবং কারা মহাপরিদর্শকের সঙ্গে কথা বলে এ বিষয়টি জেনেছেন। তাঁরা প্রতিমন্ত্রীকে বলেছেন, বিয়ের জন্য বর-কনে দুজনের সই করার প্রয়োজন হয়। সে জন্য পাত্রী কারাগারে গিয়েছিল। কারাগারের ভেতরে গায়েহলুদ অনুষ্ঠান প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কয়েদিরা গায়েহলুদ দিয়েছে বা গানবাজনা করেছে এমন কোনো কিছু তাঁর জানা নেই। তবে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যা কিছু হয়েছে জেলকোড অনুযায়ী হয়েছে।
বিএনপির আন্দোলন: বিএনপির আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা, ধ্বংস, হত্যা, জ্বালাও-পোড়াও করলে প্রশাসন বসে থাকবে না।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘সভা-সমাবেশের অনুমতি আমরা সব সময় দিয়ে আসছি। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে এ অনুমতি দেওয়া হবে। তবে এর ব্যত্যয় ঘটানো হলে কোনোরকম শৈথিল্য দেখানো হবে না।’