বিপৎসংকেতের মানে বোঝে না চরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড়সহ অন্য প্রাকৃতিক দুর্যোগের আগে আবহাওয়া অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসন নানা ধরনের সতর্কসংকেত মাইকে প্রচার করে। এলাকাবাসীকে সতর্ক করতে চায়। কিন্তু পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলের অধিকাংশ মানুষই তা বোঝে না। তাই তারা ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যায় না। আর এ কারণে তাদের বেশি ক্ষয়ক্ষতির শিকার হতে হয়।
গত শনিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত উপজেলার উপকূলীয় ১৮টি চরাঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার প্রতিবছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুর্যোগের মাস হিসেবে চিহ্নিত করেছে। এ সময় দুর্যোগ-পূর্ববর্তী এলাকাভিত্তিক বিভিন্ন সংকেত মাইকে প্রচার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে দূরবর্তী সতর্কসংকেত, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, স্থানীয় সতর্কসংকেত, স্থানীয় হুঁশিয়ারি সংকেত, বিপৎসংকেত, মহা বিপৎসংকেত, যোগাযোগবিচ্ছিন্ন সংকেত।
উপজেলার তেঁতুলিয়া নদীবেষ্টিত ১৮টি চরে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। এসব চরের অনেক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কোন বিপৎসংকেতের কী মানে, এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চরব্যারেট এলাকার বাসিন্দা মোসা. আফরোজা বেগম বলেন, ‘কোনো সংকেত বুঝি না। তয় নদীতে জোয়ারের পানি বাইড়া গেলে, আর বেশি বাতাস অইলে বুঝি মনে হয় কোনো বান (বন্যা) অইবে।’
চরমিয়াজান এলাকার শিক্ষার্থী মো. ছিদ্দিকুর রহমান বলেন, বিপৎসংকেত বিষয়ে এলাকাভিত্তিক সাধারণ মানুষের মধ্যে ধারণা দেওয়ার জন্য সচেতনতামূলক সভা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
চর ডিয়ারা কচুয়া এলাকার আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব মিয়া বলেন, চরাঞ্চলের অধিকাংশ মানুষ অশিক্ষিত ও স্বল্পশিক্ষিত। একে তো এরা সংকেতের মানে বোঝে না, তার ওপর এরা গৃহপালিত পশু ও আসবাবকে অনেক মূল্যবান মনে করে। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চায় না। সম্প্রতি ঘূর্ণিঝড় মোরার সময় মাইকিং করে চরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলা হয়। কিন্তু তারা বাড়ি ছেড়ে যায়নি।
চরওয়াডেল এলাকার জেলে বাদশা মাঝি বলেন, ‘মাইক দিয়া কইলেই ঘর ছাইড়া যামু? ঝড় আইলে আল্লাহর ওপর ভরসা কইরা বউ-পোলাপাইন লইয়া ঘরেই থাহি। আশ্রয়কেন্দ্রে গ্যালে, ঘরের সব চুরি হইয়্যা যাইবেহানে।’
চন্দ্রদ্বীপ ইউপির চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ঝড়ের আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের সতর্কবার্তা প্রচার করা হয়। কিন্তু কোন ধরনের সতর্কবার্তায় কোন মাত্রার বিপদকে বোঝায় এবং ওই সময় কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা তাঁরা বুঝতে পারেন না। এ কারণেই ২০০৭ সালে সিডরের আঘাতে এই উপজেলার চরাঞ্চলের ৩৬ জনের প্রাণহানি ঘটে।
এনজিও কর্মী অতুল চন্দ্র পাল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের সরকারি-বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, উপকূলীয় চরাঞ্চলের মানুষদের আবহাওয়া দপ্তরের সংকেত না বোঝার বিষয়টি খুবই উদ্বেগজনক। শিগগির উপকূলীয় মানুষের জন্য সংকেত বিষয়ে জনসচেতনতামূলক সভা করে সম্যক ধারণা দেওয়া হবে।