বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। খোয়াই নদীর পানি বিপৎসীমার তিন মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর প্রবল স্রোতে হবিগঞ্জের লাখাই উপজেলার বুলা ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় খোয়াই নদীতে ভাঙন দেখা দিয়েছে।চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর বাঁধ উপচে আহমদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের টিনবাংলা এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের একটি সেতু পানির ঢলে ভেঙে যায়। পাশাপাশি মাধবপুরের সঙ্গে চুনারুঘাট উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।অপরদিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচ থেকে ছয়টি গ্রামে পাহাড়ি ঢলে শতাধিক কাঁচাঘর ধসে পড়েছে। ক্ষতি হয়েছে সবজি খেতের। এদিকে হবিগঞ্জ শহরের ড্রেনেজ-ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় এবং পরিত্যক্ত খোয়াই নদী ভরাটের ফলে শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এতে শহরের শ্যামলী, মোহনপুর, সার্কিট হাউস, সায়েস্তানগর, নোয়াহাটিসহ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে দুই থেকে তিন ফুট। এসব এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপৎসীমার তিন মিটার ওপর দিয়ে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে (বিকেল পাঁচটা পর্যন্ত)। তারা খোয়াই নদীর বাঁধ পর্যবেক্ষণে রয়েছেন।