বিফলা আত্মহননে প্ররোচনা মামলার আসামি কারাগারে
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বিফলাকে ধর্ষণ, নির্যাতন ও আত্মহননে প্ররোচনা দেওয়ার মামলার প্রধান আসামি আতাউরকে গত মঙ্গলবার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতাউর কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় বিচারিক হাকিম শাম্মী হাসিনা পারভিন জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নিকলী থানার ওসি মাহবুব আলম বলেন, এ মামলার চার আসামির সবাই জেলহাজতে রয়েছেন। আতাউর ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন আতাউরের বাবা রইছ উদ্দিন, মা শরিফা বেগম ও ভাই জাকির।উল্লেখ্য, সিংপুর নয়াহাটি গ্রামের বাসিন্দা আতাউর গত ২৪ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের বিফলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরদিন এলাকার গণমান্য ব্যক্তিরা আতাউরের বাড়িতে গিয়ে বিফলাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এ সময় রইছউদ্দিন ও শরিফা বেগম উল্টো বিফলাকেই গালমন্দ করেন। এ ঘটনায় অপমান সইতে না পেরে ওই রাতেই বিফলা আত্মহত্যা করে।