বিফলে ১৮ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১৮ লাখ টাকা মূল্যের আইসিইউ ভেন্টিলেটরটি কোনো কাজেই আসছে না। কারণ, গুরুত্বপূর্ণ এই যন্ত্র চালানোর মতো লোকবল এবং আইসিইউ ইউনিট নেই হাসপাতালটিতে। দেওয়া হয়নি আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতিও। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি না করেই মূল্যবান যন্ত্রটি সরবরাহ করায় তা কার্যকারিতা হারাচ্ছে।

হাসপাতালের চিকিৎসকেরা বলেন, রোগীর ফুসফুসে সাপোর্ট জোগাতেই আইসিইউতে এ যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। অনেকে একে লাইফ সাপোর্ট মেশিনও বলে থাকেন। এই ভেন্টিলেটরের মাধ্যমে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে অক্ষম রোগীদের শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, সরকারের টাকা আত্মসাতের জন্যই এ যন্ত্রটি কেনা হয়েছে। কারণ, একটি আইসিইউ ভেন্টিলেটর চালাতে কী কী লাগে তা কর্তৃপক্ষ ভালো করেই জানে। সেসব ব্যবস্থা না করেই অহেতুক যন্ত্রটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সরজমিনে দেখা গেছে, অস্ত্রোপচার কক্ষের একটি কোনায় অনেকটা অবহেলাতেই পড়ে আছে এই যন্ত্র। প্রতিদিন সকালে বৈদ্যুতিক চার্জ দিয়ে এটি সচল করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) পঞ্চগড় হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই যন্ত্রটি পাঠিয়ে দেয়। ১৮ লাখ টাকা বাজারমূল্যের এই যন্ত্র ব্যবহারে প্রশিক্ষিত লোকবল নেই এখানে। এমনকি যন্ত্রটি ব্যবহারে আরও বেশ কিছু আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রয়োজন। তাও নেই। ফলে প্রায় তিন বছর ধরে পড়েই আছে যন্ত্রটি।

এই আইসিইউ ভেন্টিলেটরটি তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জুনিয়র বিশেষজ্ঞ (অবেদনবিদ) মনসুর আলম। তিনি বলেন, ঢাকা থেকে এটা পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ শুধু এটি এনে এখানে রেখেছে। এরপর আর কোনো কাজে লাগেনি যন্ত্রটি। চিকিৎসাসেবার জন্য গুরুত্বপূর্ণ এই যন্ত্রটি যথাযথভাবে কাজে লাগানোর জন্য দেওয়ার আগে বা পরে সঠিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর কিছুদিন এভাবে পড়ে থাকলে যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডা. মনসুর।

সিভিল সার্জন আহাদ আলী বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই এত গুরুত্বপূর্ণ যন্ত্রটি এখানে দেওয়া হয়েছে। এটা ব্যবহারের জন্য প্রশিক্ষিত লোকবল প্রয়োজন। প্রয়োজন আইসিইউ কেয়ার ইউনিট, আলাদা ভবন। প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করা হলেই কেবল এ যন্ত্রটি ব্যবহার করা সম্ভব। তা না হলে এটি ফেরত দেওয়া ছাড়া আপাতত কোনো উপায় নেই বলে জানান সিভিল সার্জন।