বিবস্ত্র করে ভিডিও, এসএসসি পরীক্ষার্থীর 'আত্মহত্যার চেষ্টা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষার্থী এক মেয়েকে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করায় অপমানে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। এ অভিযোগে তার বাবা তিন বখাটে তরুণের বিরুদ্ধে মামলা করেছেন।
পরিবারের ভাষ্যমতে, কোটালীপাড়ার একটি গ্রামে গত রোববার ওই পরীক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। ২ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল সে। ওই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ায় সে আর পরের কয়েকটি পরীক্ষা দিতে পারেনি।
গতকাল শুক্রবার কোটালীপাড়া থানায় মেয়েটির বাবার করা মামলার তিন আসামি হলেন সম্রাট মণ্ডল (২৩), সজল বিশ্বাস (২২) ও মিঠু বসু (২০)। তাঁদের বাড়ি একই উপজেলার পিঞ্জুরি ইউনিয়নে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মেয়েটি গত রোববার রাত ১১টার দিকে প্রাকৃতিক প্রয়োজন সারতে ঘরের বাইরে বের হয়। সে সময় লুকিয়ে থাকা ওই তিন তরুণ তাকে ধরে বাড়ির কিছু দূরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করেন। মেয়েটি পরদিন সকালে বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনেরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
পরীক্ষার্থীর বাবা অভিযোগ করেন, সম্রাট কিছুদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। সাড়া না দেওয়ায় সম্রাট দুই সহযোগীকে নিয়ে ওই ঘটনা ঘটিয়েছেন।
কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, তিন তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।