বিবাদ থেকে একসঙ্গে চা পান
কথায় কথায় ঝামেলা পাকানো, তা থেকে হাতাহাতি, এরপর রক্তক্ষয়ী সংঘর্ষ। কয়েক দশক ধরেই এ অবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের অানিপুর গ্রামবাসী৷ তবে এ অভ্যাসের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছেন তাঁরা৷
প্রশাসনের কাছে গত রোববার বিকেলে এ গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় অর্ধশত দেশীয় অস্ত্র জমা দেন৷ সেই সঙ্গে সংঘর্ষ থেকে দূরে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হন৷ আনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অস্ত্র জমাদান অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এলাকাবাসীর সহযোগিতায় শৈলকুপা থানা-পুলিশের পক্ষ থেকে উদ্যোগটি নেওয়া হয়৷ তারপর বিবদমান দুই পক্ষের সবাই মিলে এক আনন্দঘন পরিবেশে চা-নাশতা খান৷
গ্রামের একাধিক ব্যক্তি জানান, তাঁদের গ্রাম বরাবরই দুটি সামাজিক পক্ষে বিভক্ত৷ এর মধ্যে নব্বইয়ের দশক থেকে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন গ্রামের মোকাদ্দেস আলী আর অপর পক্ষের মনিরুল ইসলাম৷ তাঁদের এই দ্বন্দ্বে অনেক গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এ পর্যন্ত খুন হয়েছেন অন্তত পাঁচজন৷ এতে ত্যক্ত-বিরক্ত দুই পক্ষের মানুষই এ অবস্থা থেকে বেরিয়ে আসতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার গ্রামের সমাজপতি ও জনপ্রতিনিধিদের মধ্যে সভা হয়৷ এরপর এলাকায় অস্ত্র জমা দেওয়ার দিন-তারিখ মাইকিং করে ঘোষণা করা হয়। গত রোববার ঢাল, সড়কি, রামদা, হাঁসুয়া ইত্যাদি অর্ধশত দেশীয় অস্ত্র জমা দেন গ্রামবাসী৷ এ সময় ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক বিমল কুমার সাহা, স্থানীয় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ও বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন৷
পরে এক পক্ষের নেতা মোকাদ্দেস হোসেন বলেন, তাঁরা আসলে আর এ রকম দ্বন্দ্ব-সংঘাত চান না৷ আরেক পক্ষের মনিরুল ইসলাম বলেন, ‘এখন মনে হচ্ছে, এত দিন কীভাবে এ রকম দমবন্ধ করা একটা পরিবেশে ছিলাম!’ দুই পক্ষের এই বিরোধ মীমাংসায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন শৈলকুপা থানার ওসি৷