বিবাদ মেটাতে গিয়ে ভাতিজার হাতে খুন!
কুষ্টিয়ার মিরপুরে বিবাদ মেটাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নানাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেন্টু মণ্ডল (৩৫) ওই গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের অপর ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী আসমা খাতুনের ঝগড়া হয়। এ সময় আনোয়ারের ভাই সেন্টু গিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেন। পরে সেখানে এ নিয়ে পারিবারিক বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে আনোয়ার ও তাঁর স্ত্রী আসমা খাতুনকে অন্যত্র গিয়ে বাস করার কথা বলেন সেন্টু। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ারের স্ত্রী, ছেলে আশিক মণ্ডলসহ চার-পাঁচজন ধারালো অস্ত্র দিয়ে সেন্টুকে কুপিয়ে জখম করে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, এ ঘটনায় সেন্টু মণ্ডলের স্ত্রী বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করে-ছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসমা খাতুনসহ চারজনকে গ্রেপ্তার করেছে। মূল আসামি আশিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।