বিবাহ ও বিবাহবিচ্ছেদ (নিবন্ধন) আইন প্রণয়নে সবার সহায়তা দরকার
‘ম্যারেজ ও ডিভোর্স (রেজিস্ট্রেশন) অ্যাক্ট’ [বিবাহ ও বিবাহবিচ্ছেদ (নিবন্ধন) আইন] প্রণয়নে সব ধর্মের প্রতিনিধিদের মতামত ও সহায়তা পেলে দ্রুত একটি অভিন্ন আইন করা সম্ভব। তবে এর আগে হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের প্রয়োজন রয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কল্যাণী ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে সুরঞ্জিত সেনগুপ্ত প্রধান অতিথির বক্তব্য দেন।‘বিবাহ এবং বিবাহবিচ্ছেদ নিবন্ধীকরণ: সমস্যা এবং সমাধান’ শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের চেয়ারম্যান সুধীর সাহা। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে শাহ্দীন মালিক বলেন, সরকারিভাবে একটি নির্দিষ্ট অফিসে সব ধর্মের বিবাহ ও বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করে, সেই অফিস থেকেই প্রয়োজনীয় সনদপত্র সরবরাহের ব্যবস্থা করা যেতে পারে।শিল্পী হাশেম খান বলেন, বিবাহ বা বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট ধর্মের রীতি মেনেই হতে পারে। কিন্তু নিবন্ধীকরণের বিষয়টি অবশ্যই সরকারিভাবে হতে হবে।অধ্যাপিকা শাহানাজ হুদা বলেন, প্রয়োজনে বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিয়ে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করা যেতে পারে; যাতে এ সংক্রান্ত তথ্য নিবন্ধীকরণের সঙ্গে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়। সেমিনারে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মের দুজন করে এবং দুজন আদিবাসী প্রতিনিধি নিজস্ব বিবাহ ও বিবাহবিচ্ছেদ বিষয়ে আলোচনা করেন।