বিবাহ নিবন্ধন না থাকায় বৈষম্যের শিকার হচ্ছেন পাহাড়ি নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি সমাজে বিবাহ নিবন্ধনের কোনো লিখিত দলিল নেই। এ কারণে অনেক ক্ষেত্রে নারীরা বিয়ের নামে প্রতারিত হন। বিবাহ নিবন্ধন না থাকার কারণে বিচ্ছেদের ঘটনা ঘটলে নারীরা ভরণপোষণের খরচ পান না। প্রথাগত আইন সংস্কার করে পাহাড়ি নারীদের অধিকার নিশ্চিত করতে বিবাহ নিবন্ধনের বিষয়টি দ্রুত চালু করা দরকার। একই সঙ্গে নারীর অধিকার নিশ্চিত করতে পুরুষদের এগিয়ে আসতে হবে।
খাগড়াছড়িতে গতকাল বুধবার পরিবার ও সমাজে নারী নির্যাতন এবং প্রথাগত আইন সংস্কার শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।
সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, পাহাড়ি সমাজে নারীরা বৈষম্য এবং নির্যাতনের শিকার হলেও তা আড়ালে থেকে যায়। এসব বিষয় নিয়ে পাহাড়ি সমাজে সেভাবে আলোচনা হয় না। পিতৃতান্ত্রিক সমাজ ও বিদ্যমান রাষ্ট্রীয় ব্যবস্থায় অন্য সব অঞ্চলের মতো পাহাড়ের নারীরাও বঞ্চনার শিকার হন। সমাজের প্রান্তসীমায় বসবাসের কারণে পাহাড়ি নারীদের বৈষম্য আরও বেড়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা। সভাপতিত্ব করেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, হেডম্যান (মৌজাপ্রধান) ক্ষেত্র মোহন রোয়াজা, অক্যচিং চৌধুরী। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মনিষা তালুকদার। সঞ্চালনা করেন কাজল বরণ ত্রিপুরা।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন নারী কার্বারী মানষী রোয়াজা, ইউপি সদস্য পহেলি চাকমা, কলেজছাত্রী জানাজিমা মারমা, পুরুষ কার্বারী হেমরঞ্জন চাকমা প্রমুখ।