বিবাহ নিবন্ধন মানুষের অধিকার আদায়ের দলিলপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহ নিবন্ধনকে মানুষের অধিকার আদায়ের দলিলপত্র হিসেবে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিবাহ নিবন্ধন না হলে আইনে শাস্তির বিধানের বিষয়টি অনেকে অবগত নন। এ জন্য তিনি সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী (বিএনডব্লিউএলএ) সমিতি আয়োজিত মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪-এর ওপর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় বিএনডব্লিউএলএর পক্ষ থেকে ১৯৭৪ সালের আইনটিতে সংশোধন ও সংযোজন প্রস্তাব উপস্থাপন করেন সংস্থার আইনজীবী তাওহিদা খন্দকার। আইনমন্ত্রী প্রস্তাবটি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি ইমান আলী বিএনডব্লিউএলএর খসড়া প্রস্তাবের সঙ্গে মূল আইনের কয়েকটি ধারায় কিছু অসামঞ্জস্য তুলে ধরেন। তিনি আইন প্রণয়ন বা সংশোধনের সময় সংশ্লিষ্ট আইনের সঙ্গে সামঞ্জস্য রাখার সুপারিশ করেন। বিয়ের দিনই দেনমোহর পরিশোধ করা, বিয়ের সময়ই এবং তালাক কার্যকরের পরেই রেজিস্ট্রেশন করার ওপর তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর প্রেসিডেন্ট ফাওজিয়া করিম ফিরোজ। তিনি বলেন, বিয়ের আসরেই দেনমোহর পরিশোধ করা উচিত। যদি এটা করা সম্ভব না-ও হয়, তখন দেনমোহরের টাকা পরিশোধ করার পরই তালাক কার্যকর করার বিধান করা গেলে মামলার সংখ্যা কমবে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা ইকবাল হোসেন পরিসংখ্যান দিয়ে জানান, ৮০ শতাংশ তালাকই দিচ্ছেন নারীরা। তাঁরা নির্যাতনের হাত থেকে বাঁচতেই তালাক দেন। তাই দেনমোহর পরিশোধ করার পরই তালাক কার্যকর করার বিধান করা হলে তা নারীদের নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেবে।
তবে এ বক্তব্যের সঙ্গে আইনমন্ত্রী ও কর্মশালার অন্যরা একমত হননি। আইনমন্ত্রী বলেন, ‘নারীরা তালাক দিলেও দেনমোহর আদায় বাধ্যতামূলক। আর দেনমোহর উসুলটুসুল না, ইনক্যাশ দিতে হবে।’