বিবাহ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী বিবাহ মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। পারপেল বার্ড ও আর্টিজম নামের দুটি ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের আয়োজনে নগরের হোটেল ক্যাসেল সালামের দ্বিতীয় তলায় মেলার আয়োজন করা হয়েছে।

পারপেল বার্ডের সিইও ও মেলার আহ্বায়ক এস এম ইমরান হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আর্টিজমের সিইও ও মেলার সদস্যসচিব তাহমিদ আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা ও কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম। এর আগে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্পেল বার্ডের পরিচালক কাজী ফয়সাল হোসেন, পরিচালক নূর এ নেওয়াজ শুভ, পরিচালক আশফাকুর রহমান ফাহিম, মিডিয়া কো-অর্ডিনেটর কাজী শান্ত, সাজিদ আহমেদ, গোলাম সাব্বির, শুভ খান, তাসনিম রহমান, সানি রহমান, আলাউদ্দিন, ইসমাইল হোসেন, আর্টিজমের সদস্য জসিম আহমেদ ও তরিকুল ইসলাম।

এবারের মেলা চলাকালে পার্পেল বার্ডের পক্ষ থেকে আছে বিয়ের জমকালো ছবির প্রদর্শনী, আর্টিজম বিয়ের বিভিন্ন সাজসজ্জা ও স্টেজ প্রদর্শনী। পার্পেল বার্ডের বিভিন্ন উপহারসামগ্রীর গিফট শপ, মেলা চলাকালে কোনো গ্রাহক সেবা গ্রহণ করলে তিনি ১৫ শতাংশ ডিসকাউন্ট, খুলনার শ্যামা জুয়েলার্স থেকে গোল্ড মেকিংয়ের ওপর ৫০ শতাংশ ডিসকাউন্ট থাকবে (১৫ অক্টোবর পর্যন্ত), সালিনা ডিজিটালের পক্ষ থেকে আছে বিয়ের কার্ড, বিশেষ করে কাঠের তৈরি বিয়ের কার্ড, প্রতিদিন পার্পেল বার্ড ও আর্টিজমের উদ্যোগে আছে নারীদের ফ্রি মেহদি উৎসব, নাইস কুকিংয়ের পক্ষ থেকে আছে বিভিন্ন বাহারি কেকের প্রদর্শনী। এ ছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরাসহ আছেন নিরাপত্তাকর্মী। হোটেল ক্যাসেল সালামের পক্ষ থেকে আছে নব দম্পতিদের জন্য হানিমুন প্যাকেজ ও বিয়ে অনুষ্ঠানের ভেন্যু ভাড়া ফ্রি।

মেলার উদ্দেশ্য তুলে ধরে আয়োজকেরা বলেন, খুলনাসহ দেশবাসীকে বিয়ে-সম্পর্কিত সব উপকরণের একত্রে সমাহার উপহার দেওয়ার জন্য এ মেলা। বিবাহ মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। এ ছাড়া এ মেলায় কোনো প্রবেশ ফি নেই বলেও জানালেন আয়োজকেরা।